✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ০১:৩৫:৩৫ |আলবেনিয়ায় শিক্ষাব্যয় বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের দুরবস্থা ও চাকরির সংকটের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। তবে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করবেন না তিনি।
বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া লিখিত বিবৃতিতে এদি রামা পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে জানান, আমার দায়িত্ব হলো জনগণের কথা শোনা। যৌক্তিক সমস্যাগুলোর সমাধান করা এবং আলবেনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া। এটির ব্যত্যয় ঘটলে সেসব আলবেনীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, যারা আমাকে জোরালো সমর্থন দিয়েছেন।
এদিকে, দেশটির রাজধানীতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিরানার প্রধান সড়কগুলোতে মিছিল করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করেছে। এরমধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ভবনে আগুন ধরিয়ে দেন। পুলিশের দিকে পাথর ছোড়ে, ময়লার পাত্র উল্টে দেন এবং স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি একটি ব্যাংকের শাখায়ও আগুন ধরে যায় বলে জানিয়েছে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী।
দেশটির প্রধানমন্ত্রী এদি রামার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে সহিংস বিক্ষোভগুলোর একটি। গত বছরের মে মাসের নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন তিনি। তবে সরকারের শীর্ষ কর্মকর্তাদের ঘিরে দুর্নীতির অভিযোগ ওঠায় তার সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে ক্রমেই। বিক্ষোভকারীদের ক্ষোভের আরেকটি কারণ হলো শিক্ষাব্যয় বৃদ্ধি। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদের প্রতিও তাদের আস্থার অভাব রয়েছে। ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকলেও বিরোধী নেতাদের কার্যকর বিকল্প হিসেবে গ্রহণ করতে চাইছে না অনেক বিক্ষোভকারী।
বৃহস্পতিবার দেশটির পুলিশ জানিয়েছে, বুধবারের বিক্ষোভে ৫১ জন কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলার অভিযোগে সন্দেহভাজন ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান