✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

দাম ভালো পেলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৪:২৭:০৪ |

মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। কোথাও সারি সারি ফুলকপি ও বাঁধাকপি, আবার কোথাও শোভা পাচ্ছে শিম, মূলা, লাউ ও পুঁইশাক। আবহাওয়া অনুকূলে থাকায় এবং অসময়ে বাজারে ভালো দাম পাওয়ার আশায় আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের কৃষকরা। ইতিমধ্যে বাজারে আগাম সবজি উঠতে শুরু করেছে। এতে ভালো দাম পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটলেও সার, কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দাম নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাঁদের।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের আগেই বাজারে সবজি তুলতে পারলে সাধারণত চাহিদা ও দাম দুটোই বেশি থাকে। এ কারণে প্রতি বছরই ঝিনাইদহ অঞ্চলে আগাম সবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

সদর উপজেলার হলিধানী গ্রামের কৃষক আকিদুল ইসলাম এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুরারিদহ মাঠে কর্মরত কৃষক জহির উদ্দিনসহ অনেকে জানান, এবার আগাম সবজির ফলন বেশ ভালো হচ্ছে। বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে। তবে সার, কীটনাশক ও জ্বালানি তেলের দাম আগের তুলনায় বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে।

তাঁরা বলেন, এবার আগাম সবজির ফলন বেশ ভালো হচ্ছে এবং বাজারে দামও ভালো পাচ্ছি। কিন্তু সার, কীটনাশক আর তেলের দাম আগের তুলনায় অনেক বেশি। ফলে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গেছে। সরকার যদি কৃষি উপকরণের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখে, তবে আমরা আরও বেশি লাভবান হতে পারব।

সদর উপজেলার হলিধানী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজ উদ্দিন এবং সাগান্না ইউনিয়নের ফেরদৌস হায়দার জুয়েলসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সবজির ফলন ভালো হয়েছে। বাজারে চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্য পাওয়া গেলে বাড়তি উৎপাদন খরচ মিটিয়েও কৃষকরা লাভবান হতে পারবেন।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার অনেক এলাকার জমি তুলনামূলক উঁচু হওয়ায় তা সবজি চাষের জন্য বেশ উপযোগী। আগাম সবজি আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামান জানান, চলতি বছর জেলায় ৫ হাজার ৭৮৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। ঝিনাইদহের মাটি ও উঁচু জমি সবজি চাষের জন্য অনুকূল হওয়ায় এ অঞ্চলে সবজি উৎপাদনের ভালো সম্ভাবনা রয়েছে। কৃষকদের আগাম সবজি চাষে সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..