কীভাবে ডাচ রাজকুমারীদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৩, | ১৭:২৯:৩৮ |

ইউরোপের দেশ নেদারল্যান্ডের (ডাচ) রাজকুমারী ক্যাথারিনা আমালিয়া এবং তার ছোট বোন রাজকুমারী অ্যালেক্সিয়াকে হত্যার পরিকল্পনার করার অভিযোগে ৩৩ বছর বয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পশ্চিম উপকূলীয় শহর হেগে থেকে গত ফেব্রুয়ারিতে তাকে আটক করে পুলিশ। আগামীকাল সোমবার আদালতে তার প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দেশটির পুলিশ জানায়, তার কাছে দুটি কুঠার উদ্ধার করা হয়। সেগুলোতে ‘অ্যালেক্সিয়া’, ‘মোসাদ’ এবং নাৎসি স্লোগান ‘সিগ হাইল’ খোদাই করা ছিল। এ ছাড়া তার হাতে ‘আমালিয়া’, ‘অ্যালেক্সিয়া’ এবং ‘রক্তস্নান’ লেখা দেখা গেছে। তবে এই পরিকল্পনার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও ডাচ রাজপরিবারের জাতীয় উৎসব ‘কোনিংসডাগ’ উদযাপন অব্যাহত রেখেছে। এই দিনটি রাজা উইলেম আলেকজান্ডারের জন্মদিন উপলক্ষে পালন করা হয়। এ দিন রাজপরিবারকে জনসাধারণের সঙ্গে উৎসবে অংশ নিতে দেখা যায়। যদিও রাজকুমারী ক্যাথারিনা আমালিয়া জন্য নিরাপত্তা হুমকি নতুন কিছু নয়। এর আগে ২০২০ সালে সহিংসতা ও ধর্ষণের হুমকি পাওয়ার পর তাকে আত্মগোপনে যেতে হয়। পরে ২০২২ সালে নিরাপত্তাজনিত কারণে আমস্টারডামে তার ছাত্রাবাস ছেড়ে হেগের রাজপ্রাসাদে চলে যেতে বাধ্য হন।

তার মা রানী ম্যাক্সিমা সে সময় জানান, এই পরিস্থিতি তার মেয়ের স্বাভাবিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে। পরবর্তীতে মাদক চক্রের সম্ভাব্য অপহরণের হুমকির কারণে আমালিয়া এক বছর মাদ্রিদে অবস্থান করেন। গোয়েন্দা তথ্যে উঠে আসে, তাকে এবং তৎকালীন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটেকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে ইউরোপের কুখ্যাত মাদক সম্রাট রিদুয়ান তাঘির নামও আলোচনায় আসে। যদিও তিনি রাজকুমারীর বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্রের কথা অস্বীকার করেছিলেন। ২০২৪ সালে একাধিক হত্যাকাণ্ডের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

নিরাপত্তা জোরদার করার পর ২০২৪ সালে দেশে ফিরে আসেন আমালিয়া। তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিনের এই সীমাবদ্ধ জীবনে তিনি স্বাভাবিক ছাত্রজীবনের অনেক কিছু হারিয়েছেন। সর্বশেষ এই ঘটনায় আবারও ডাচ রাজপরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..