রুশ মিডিয়ার তদন্ত রিপোর্ট

রাশিয়ার ২ লাখ ১৪ হাজার সেনা নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৮:১৫:০৭ |
ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার বিপুল সংখ্যক সেনা হতাহতের তথ্য সামনে এসেছে এক যৌথ মিডিয়া তদন্তে। রুশ স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং বিবিসি রাশিয়ার সার্ভিসের যৌথ অনুসন্ধানে এখন পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ৮৫৮ জন রুশ সামরিক সদস্যের নিহত হওয়ার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এপ্রিলের শুরুতে প্রকাশিত প্রতিবেদনের পর নতুন করে আরও ৫ হাজার ১০৩ জন নিহত সেনার নাম এই যুক্ত হয়েছে তালিকায়। সাংবাদিকরা জানিয়েছেন, এই সংখ্যা বাস্তবে আরও অনেক বেশি হতে পারে, কারণ যাচাইকৃত তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে উন্মুক্ত উৎস যেমন- শোকবার্তা, স্বজনদের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, আঞ্চলিক সংবাদ প্রতিবেদন এবং স্থানীয় কর্তৃপক্ষের বিবৃতি থেকে।

নিশ্চিত হওয়া নিহতদের মধ্যে রয়েছেন ৭৯ হাজার ৩০০-এর বেশি স্বেচ্ছাসেবী, ২৪ হাজার কারাগার থেকে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এবং ১৮ হাজার ৫০০ জন মোতায়েনকৃত সেনা। এছাড়া ৭ হাজার ৪৩ জন কর্মকর্তা নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনর সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, এই তদন্ত প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তারা।

গত এক বছরে বড় ধরনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের ফ্রন্টলাইনে বেশ অগ্রগতি অর্জন করেছে। নতুন চুক্তিভিত্তিক সেনা নিয়োগের মাধ্যমে তারা এই ক্ষতি আংশিকভাবে পুষিয়ে নিচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে ইউক্রেন বাহিনী রাশিয়ার নতুন আক্রমণ থামিয়ে দিতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের হিসাব অনুযায়ী রুশ সেনা নিহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি জানান, ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত যুদ্ধে রাশিয়ার মোট সেনা হারিয়েছে প্রায় ১৩ লাখ ২৫ হাজার ৬৫০ জন।

বর্তমান পরিস্থিতিতে প্রতি মাসে রাশিয়ার প্রায় ৩৫ হাজার সেনা ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলে চলতি বছরের শুরুতে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে তাদের সামরিক ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..