✕

সর্বশেষ :
শ্রীলঙ্কাকে ৩৭ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের শুভসূচনা দুর্বল পারফরম্যান্সের পরও নটিংহ্যাম ফরেস্টকে হারাল আর্সেনাল দুর্দান্ত সব গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ দুপুর দুইটায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইয়েমেন বিদ্রোহীদের ঠেকাতে ফের একজোট সৌদি-আমিরাত, নতুন মোড় নিচ্ছে ইয়েমেন যুদ্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি, পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি, ১,৯০০ কিমি গিয়ে জানলেন তিনি এআই ঘুরে দাঁড়াচ্ছে ইয়ামির সিনেমা কৃষি ও বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা অনুদান দেবে কানাডা

দুর্দান্ত সব গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১১:২৯:৪৩ |

দুর্দান্ত সব গোলে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর্দা গুল্যার ও কিলিয়ান এমবাপের চোখধাঁধানো গোলের পর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফরাসি তারকা। শেষদিকে ইয়ান ডিওমান্ডের দারুণ শটে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

রবিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচে শুরুতে সেভিয়া কয়েকবার রিয়ালের রক্ষণে চাপ সৃষ্টি করে। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে রিয়ালকে এগিয়ে দেন তুরস্কের মিডফিল্ডার গুল্যার।

এর তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডান দিক থেকে ডিওমান্ডের বাড়ানো বল জুড বেলিংহ্যাম ব্যাকহিল ফ্লিকে ফরাসি তারকার দিকে পাঠান। বক্সের মুখে ঘুরে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান এমবাপে। অসাধারণ এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। ৬৩ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে পানেনকা শটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ১১ ম্যাচে ১১ গোল হলো তার। এর মধ্যে লা লিগায় করেছেন ৯টি।

৮০ মিনিটে বদলি নামা মানু বুয়েনোর গোলে ব্যবধান কমায় সেভিয়া। তবে দুই মিনিট পরই আবার তিন গোলের ব্যবধান ফিরিয়ে আনেন ডিওমান্ডে। মাঝমাঠ থেকে অহেলিয়া চুয়ামেনির পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান আইভরি কোস্টের ১৯ বছর বয়সী এই ফুটবলার। তার গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের।

এই জয়ে ৯ ম্যাচে সাত জয় ও ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ এবং ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

সামনে চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগ ও লা লিগায় বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে বড় এই জয় আত্মবিশ্বাস বাড়াবে রিয়ালের।

অন্যদিকে, মৌসুমে তৃতীয় হারের মুখ দেখেছে সেভিয়া। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..