✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৮:৩৫:২৭ |কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত তারেকুর রহমান (১০) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের একটি পানের দোকানদার দাদার সঙ্গে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় পার্শ্ববর্তী একটি হোটেলে। সেখানে সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু তখন সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে তারেক গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান জানান, এরকম একটা খবর শুনেছি।এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।