✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১০:৫৮:১৪ |চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নীতিমালা চূড়ান্ত করতে তিনটি পৃথক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা চূড়ান্ত করতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় নীতিমালা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, একাদশে ভর্তির বিষয়টি চূড়ান্ত করতে রবিবার মন্ত্রণালয়ে একটি সভা হয়েছে। তবে নীতিমালা চূড়ান্ত হয়নি।
তিনটি কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে নীতিমালা চূড়ান্ত করা হবে।
এর আগে তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু করার কথা রয়েছে। আর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি শেষে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।