যুক্তরাষ্ট্রে কমছে জনপ্রিয়তা, ইসরাইলকে সতর্ক করল থিঙ্ক ট্যাংক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ২২:১৯:৩৫ |
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে উস্কানিসহ নানা কারণে ইসরাইলের প্রতি ক্ষোভ বাড়ছে যুক্তরাষ্ট্রে। মার্কিন নাগরিকদের এই অবস্থান জাতীয় নিরাপত্তার জন্য হুমকির বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির থিঙ্ক ট্যাংক।

ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ (আইএনএসএস)-এর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে ইসরাইলের অবস্থানের এই তীব্র অবনতির পরিণতি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, যদি মার্কিন জনমত দ্রুত পরিবর্তন না হয়, তবে খুব শিগগিরই ইসরাইল সেখানে পর্যাপ্ত সমর্থন হারাতে পারে।

গত সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদন দেশটির সেনাবাহিনী ও তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আইএনএসএস প্রস্তুত করেছে। এপ্রিলের শুরুতে পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত জরিপের তথ্যও উল্লেখ করা হয়েছে। 

ওই জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন—যা গত বছর ছিল ৫৩ শতাংশ।

আইএনএসএস এবং ওয়াশিংটনভিত্তিক পিউ-এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রকাশিত তথ্যে দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সী মার্কিন তরুণদের ৭৫ শতাংশ ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৬৭ শতাংশ।

পিউ জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ ইসরাইল সম্পর্কে খুবই বা কিছুটা নেতিবাচক মনোভাব পোষণ করেন। রিপাবলিকানদের মধ্যে এই হার ৪১ শতাংশ। ১৮ থেকে ২৯ বছর বয়সী ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট-সমর্থকদের ৮৫ শতাংশই ইসরাইলকে নেতিবাচকভাবে দেখেন। ৩০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে এই হার ৮৩ শতাংশ।

আইএনএসএস বলেছে, যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের মধ্যে ইসরাইলকে ঘিরে যে নেতিবাচক মনোভাব বাড়ছে, তা দেশটির নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জনমতের মধ্যে ইসরাইলের অবস্থান নিয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলো দেশটির জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তির জন্য বড় ধরনের হুমকির।

ইসরাইল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল। ২০২৫ সালের অক্টোবরে নিউইয়র্কভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৪৮ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি ইসরাইলের জনসমর্থন কিছুটা বাড়াতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ‘উদ্বেগের কারণ রয়েছে ইসরাইল বর্তমানে এক নতুন মৌলিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে—যেখানে দেশটিকে আগের মতো করে দেখা হচ্ছে না।’ যা ইসরাইলের জন্য সমূহ হুমকি স্বরূপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..