মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তিনি সম্ভাব্য ‘শান্তি চুক্তি’ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে টুইটে একটি পোস্ট করেন তিনি। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ শরিফ। সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে শরিফ বলেন, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনিরের পক্ষ থেকেও, চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আমাদের অনুরোধ গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি লিখেন, পাকিস্তান একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাবে। আমি আন্তরিকভাবে আশা করি, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনায় একটি পূর্ণাঙ্গ ‘শান্তি চুক্তি’তে পৌঁছাতে সক্ষম হবে। এর মাধ্য এই সংঘাতের স্থায়ী অবসান ঘটবে।
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ (ব্লকেড) বজায় রাখবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প জানান, তেহরানকে যুদ্ধ শেষ করার জন্য একটি প্রস্তাব দেওয়ার জন্য আরও সময় দিতে যুক্তরাষ্ট্র পরিকল্পিত হামলা স্থগিত রাখছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল।
ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, সামরিক বাহিনীকে অবরোধ চালিয়ে যেতে এবং সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান তাদের প্রস্তাব না দেওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হবে।
এদিকে ট্রাম্পের এই ঘোষণার পরপরই ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা জানায়, তেহরানের অবস্থান পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এ জাতীয় আরো খবর..