বার্সেলোনায় আয়োজিত বিশ্বনেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অস্থিরতা নিয়ে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বর্তমান বিশ্বের সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি তাদের কার্যপদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান।
লুলা স্পষ্টভাবে বলেন, মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত ও মানবিক বিপর্যয় বন্ধ করতে এই শক্তিশালী রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছে, যা বিশ্ব শান্তির জন্য চরম উদ্বেগের বিষয়।
সম্মেলনে ভাষণ দেওয়ার সময় লুলা দা সিলভা নাম উল্লেখ না করলেও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে কঠোর মন্তব্য করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানসহ বিভিন্ন দেশের উদ্দেশ্যে ট্রাম্পের নিয়মিত হুমকি ও যুদ্ধংদেহী বার্তার কঠোর সমালোচনা করেন তিনি।
লুলা বলেন, আধুনিক বিশ্বকে এমন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে যেখানে প্রতিদিন ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে কোনো এক রাষ্ট্রপ্রধানের যুদ্ধ ঘোষণার হুমকি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া উসকনিমূলক বার্তা দেখতে হয়।
ব্রাজিলীয় প্রেসিডেন্টের মতে, টুইট বা সোশ্যাল মিডিয়া বার্তার মাধ্যমে বিশ্বকে হুমকি দেওয়া এবং হুটহাট যুদ্ধ ঘোষণা করার এই সংস্কৃতি আন্তর্জাতিক কূটনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তিনি বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে বলেন, বিশ্ববাসী প্রতিদিন এমন এক প্রেসিডেন্টের হুমকি নিয়ে দিনাতিপাত করতে পারে না যিনি মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর স্থিতিশীলতা নষ্ট করার ক্ষমতা রাখেন। এই সংকটময় মুহূর্তে সংঘাত এড়িয়ে আলোচনা এবং গঠনমূলক কূটনীতির পথে হাঁটার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর দাবি জানান।
এ জাতীয় আরো খবর..