প্রধানমন্ত্রীর উপদেষ্টা

‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১৬:৪৮:৪৯ |

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, একই বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। আমি আবারও সবার প্রতি আহ্বান জানাব, আমাদের সংকট আছে; কিন্তু আমরা যদি এ ধরনের ‘প্যানিক বায়িং’ করতে থাকি, তাহলে এটি সংকটে রূপ নেবে। 

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের দাম বাড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দাম আসলে বাড়বে কি না তা নিশ্চিত নয়। তবে আপনারা খেয়াল করছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপের দিকে যাওয়ার আশঙ্কা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান অবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্র আবার ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলো ব্লক করে দিচ্ছে। এটি যদি কার্যকর হয় এবং দীর্ঘ সময় ধরে চলে, তবে পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমাদের পক্ষে দীর্ঘ সময় ভর্তুকি দিয়ে যাওয়া কঠিন হবে। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না বলে ইতোমধ্যে জানিয়েছি। যদি পরিস্থিতি এমন থাকে, তবে দামের কিছু সমন্বয় (অ্যাডজাস্টমেন্ট) প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে; মানে এটি হবেই, এমন নয়।

তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প খুব একটা প্রেডিক্টেবল (পূর্বাভাসযোগ্য) নন। যদি তাদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি চুক্তি হয়ে যায়, তবে সব ঠিকঠাক হয়ে যাবে।

অন্য এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতি হবে না।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের একটি অংশের শিশু টিকার কাভারেজের আওতায় ছিল না। আমরা আবারও বলতে চাই, এটি পূর্বের একটি ব্যর্থতার ফল। তা সত্ত্বেও শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।

চিকিৎসা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আক্রান্তদের সাধ্যমতো সহায়তা দেওয়া যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..