যুক্তরাষ্ট্রে সন্তান জন্মহার সর্বনিম্ন পর্যায়ে, কারণ কী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১১, | ১২:৪৯:২১ |
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার আবারও নতুন করে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অর্থনৈতিক চাপ ও দেরিতে বিয়ে এই পতনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জন্মহার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোতে সাম্প্রতিক সময়ে দেশটিতে রাজনৈতিক বিতর্কেরও তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর প্রকাশিত গবেষণায় এমন চিত্র উঠে আসে। 

ফেডারেল তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মহার সামান্য কমে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত বছর দেশটিতে প্রায় ৩৬ লাখ শিশুর জন্ম হয়েছে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশ কম। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিকসের গবেষণায় দেখা গেছে, প্রতি ১ হাজার নারীর বিপরীতে জন্মহার নেমে এসেছে ৫৩.১ তে, যা আগের বছরের তুলনায় ১ শতাংশ কম।

বিশেষ করে, ১৫ থেকে ১৯ বছর বয়সি কিশোরীদের জন্মহার ৭ শতাংশ কমে প্রতি ১ হাজার জনে ১১.৭ এ দাঁড়িয়েছে। ১৯৯১ সালের তুলনায় এই হার ৮১ শতাংশ কমেছে। 

এর পেছনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে- জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, জন্মনিয়ন্ত্রণের সহজলভ্যতা এবং কিশোরদের প্রজননে আকাঙ্ক্ষা কমে যাওয়া।

জন্মহার কমার এই প্রবণতা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। কিছু রক্ষণশীল মহল মনে করছেন, জন্মহার ‘রিপ্লেসমেন্ট রেটের নিচে নেমে যাওয়ায় ভবিষ্যতে জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হতে পারে।  অপরদিকে অনেকে এটিকে নারীদের প্রজনন স্বাধীনতা বৃদ্ধির ইতিবাচক দিক হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রার ব্যয় নিয়ে দুশ্চিন্তা, আবাসন, শিশু লালন-পালনের খরচ মেটানোর সক্ষমতা, স্বাস্থ্যসেবার উচ্চ ব্যয় এবং আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। 

এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নবজাতকের জন্য সঞ্চয় হিসাব, আইভিএফ চিকিৎসায় ছাড় এবং কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছিল।

গবেষণার প্রধান লেখক ব্র্যাডি হ্যামিল্টন জানান, কিশোরীদের সন্তান জন্মের হার এত দ্রুত কমে যাওয়াটা ‘এক্সট্রাঅর্ডিনারি’। একই সঙ্গে দেখা গেছে, ২০ এর কোঠার নারীদের জন্মহার কমলেও ৩০ ও ৪০-এর শুরুর দিকে থাকা নারীদের মধ্যে তা বেড়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মানুষ এখন আগের তুলনায় দেরিতে পরিবার গঠনের সিদ্ধান্ত নিচ্ছেন, যার কারণে সামগ্রিক জন্মহারে প্রভাব পরছে। তবে দীর্ঘমেয়াদে এই প্রবণতা জনসংখ্যার কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..