ইরানের সঙ্গে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য একটি 'বিজয়'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৮, | ১০:৪৫:৫৯ |
ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য একটি 'বিজয়' হিসেবে দেখা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, 'এটি যুক্তরাষ্ট্রের একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সম্ভব করেছে।'

তিনি দাবি করেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর সময় থেকেই ট্রাম্প প্রশাসন ধারণা দিয়েছিল এটি ৪ থেকে ৬ সপ্তাহের একটি অভিযান হতে পারে। তবে ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের মূল সামরিক লক্ষ্য 'অর্জন' করেছে।

লেভিট বলেন, সামরিক সফলতার কারণে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ কূটনৈতিক চাপ তৈরি করতে সক্ষম হয়েছে, যার ফলে এখন একটি আলোচনার সুযোগ তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদি শান্তির পথ খুলে দিতে পারে।

তিনি আরও দাবি করেন, এই প্রক্রিয়ার অংশ হিসেবে পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হয়েছে। 

হোয়াইট হাউস আরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার সক্ষমতাকে কখনো অবমূল্যায়ন করা উচিত নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..