মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একযোগে হামলা অব্যাহত রয়েছে, যেখানে কয়েক ডজন মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে পৌঁছানো বা হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য আজ মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।
সর্বশেষ পরিস্থিতিতে বিভিন্ন দেশে যা জানা যাচ্ছে—
ইরান: দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, আলবোর্জ প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে। একই সময়ে ইরানের ইরানিয়ান রেডক্রস সোসাইটি জানিয়েছে, রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় ভোরে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া কাশান শহরের একটি রেলসেতুতে হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।
লেবানন: দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, সকালে ইসরায়েলি হামলায় দেশজুড়ে অন্তত আটজন নিহত হয়েছেন।
ইসরায়েল: দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সকালে উত্তরাঞ্চলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এছাড়া শ্যারন সমভূমি ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে উদ্ধার দল মোতায়েন করা হয়েছে। আইডিএফ দাবি করেছে, এসব হামলায় ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে।
ইরাক: কুর্দিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী পেশমেরগার এক যোদ্ধা ও তার স্ত্রী গত রাতে ইরাকি কুর্দিস্তানে তাদের বাড়িতে হামলায় নিহত হয়েছেন।
সৌদি আরব: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে জানান, পূর্বাঞ্চলের দিকে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এছাড়া সকালে আরও ১৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এসবের ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনার আশপাশে পড়ে।
বাহরাইন: রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি জানিয়েছে, গত এক দিনে নয়টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
সংযুক্ত আরব আমিরাত: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবেলায় তারা সক্রিয়ভাবে কাজ করছে।
এ জাতীয় আরো খবর..