✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ০১:৩০:৪১ |বাংলাদেশের নারী টি-টেয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন বাঁ হাতি নাহিদা আক্তার। আগামী এক বছর তিনি লাল-সবুজ দলের ঝান্ডা উড়াবেন। তার সঙ্গে সহঅধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারিকে।
নাহিদা বাংলাদেশের পঞ্চম টি-টোয়েন্টি অধিনায়ক। তার আগে এই দায়িত্ব পালন করেছেন সালমা খাতুন, জাহানারা আলম, রোমান আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি। নাহিদার আগে এই পদে ছিলেন নিগার। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে ব্যর্থতার পর তিনি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন। নতুন দায়িত্ব পাওয়া নাহিদা ছিলেন নিগারের ডেপুটি। যে কারণে নিগার দায়িত্ব ছাড়ার পরই নতুন অধিনায়ক হিসেবে নাহিদার নামই ছিল সর্বাগ্রে।
রবিবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সেটিরই বাস্তবায়ন করেছে। নিগার টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন। এর ফলে বাংলাদেশের নারী দল দুই সংস্করণে দুই অধিনায়কের যুগে প্রবেশ করল। নাহিদা-সোবহানা জুটির কাজ শুরু হবে আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফি দিয়ে। যেখানে ‘বি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও নেদারল্যান্ডস।
২৬ ছুঁইছুঁই নাহিদা এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ১০০-এর ওপরে উইকেট নিয়েছেন। তার উইকেট সংখ্যা ১৩২টি। আর আন্তর্জাতিক ক্রিকেটে তিনি আছেন ১১ নম্বরে।