✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ০১:২০:২২ |ঢাকা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনে খালের সীমানা নির্ধারণ ও পুনঃখননসহ পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। সভায় ঢাকার জলাবদ্ধতা ও মশক নিধনে দৃশ্যমান অগ্রগতি অর্জনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ভিত্তিক ঢাকা উত্তরে ১০টি এবং ঢাকা দক্ষিণে ১০টিসহ মোট ২০টি জোনাল কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনাল কমিটির প্রধান হিসেবে নেতৃত্ব দেবেন। জোনাল কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং সিটি করপোরেশনের প্রকৌশল, বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল উইং ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি যুক্ত থাকবেন। কমিটির সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া, ২০টি জোনাল কমিটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে এক উচ্চপর্যায়ের মূল মনিটরিং কমিটি গঠন করা হবে। এই মূল মনিটরিং কমিটিতে স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব, সিটি করপোরেশনের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা, ঢাকা ওয়াসা, স্বাস্থ্যসেবা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। এসব কমিটি সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান, খালের সীমানা চিহ্নিতকরণ ও খননকাজ জোরদার করার পাশাপাশি মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করবে।
পর্যালোচনায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।