✕


কম দামে বিওয়াইডির নতুন বৈদ্যুতিক গাড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ০৭:৫১:১৫ |

চীনের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ছোট আকারের বৈদ্যুতিক এসইউভির নতুন সংস্করণ বাজারে এনেছে। ‘ইউয়ান আপ’ নামের এই মডেলটি আন্তর্জাতিক বাজারে ‘অ্যাটো টু’ নামে পরিচিত। আগের চেয়ে কম দাম ও বেশি মাইলেজ সুবিধা নিয়ে চীনের বাজারে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

বিওয়াইডির ইউয়ান প্লাস বা অ্যাটো থ্রি মডেলের ছোট সংস্করণ এই ইউয়ান আপ। এটি বিশ্বের অন্যতম শীর্ষ বিক্রীত বৈদ্যুতিক গাড়ি। ক্লিনটেকনিকার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে সারা বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বৈদ্যুতিক গাড়ির তালিকায় এটি পঞ্চম স্থানে ছিল। এর আগে ছিল টেসলার মডেল ওয়াই ও থ্রি এবং বিওয়াইডির সং।

চলতি সপ্তাহে চীনে ২০২৭ মডেলের নতুন ‘অ্যাটো টু ফ্লাইং স্পার’ সংস্করণটি উন্মোচন করে বিওয়াইডি। গাড়িটি পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। দাম নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮০০ থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ ইউয়ান পর্যন্ত, যা প্রায় ১১ থেকে ১৫ হাজার ৫০০ ডলার।

আগের মডেলের মতো নতুন ইউয়ান আপ গাড়িতেও ৩২ ও ৪৫.১২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। এগুলো যথাক্রমে ৩০১ এবং ৪০১ কিলোমিটার রেঞ্জ বা মাইলেজ দিতে সক্ষম। এর মধ্যে ৩০১ কিলোমিটার সংস্করণের দাম আগের মতোই রাখা হলেও ৪০১ কিলোমিটার সংস্করণের দাম ১৮ হাজার ইউয়ান কমানো হয়েছে। তবে নতুন ‘এক্সিলেন্ট’ ভ্যারিয়েন্টে ৫১ দশমিক ১৩ কিলোওয়াট আওয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি একবার চার্জ দিলে ৫০১ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে।

গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৩১০ মিলিমিটার, প্রস্থ ১ হাজার ৮৩০ মিলিমিটার এবং উচ্চতা ১ হাজার ৬৭৫ মিলিমিটার। এর হুইলবেস ২ হাজার ৬২০ মিলিমিটার। আকৃতির দিক থেকে এটি বাজারে থাকা জনপ্রিয় হুন্দাইয়ের গাড়ির মতোই। এর ভেতরের অংশে নতুন নকশার টু-স্পোক স্টিয়ারিং হুইল এবং ১২ দশমিক ৮ ইঞ্চির স্মার্ট ইনফোটেইনমেন্ট স্ক্রিন যুক্ত করা হয়েছে। এছাড়া ৮ দশমিক ৮ ইঞ্চির একটি সম্পূর্ণ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রাখা হয়েছে গাড়িটিতে।

গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্টে বিওয়াইডির নিজস্ব প্রযুক্তির অ্যাডভান্সড স্মার্ট ককপিট রয়েছে। এতে ইনটেলিজেন্ট ভয়েস কন্ট্রোল সুবিধাও পাওয়া যাবে। এর পাশাপাশি ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ইমেজিং সিস্টেম এবং আধুনিক চালক সহায়তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। মহাসড়কে নিরাপদে অটোপাইলট নেভিগেশন ও রিমোট পার্কিং অ্যাসিস্টের মতো সুবিধাও মিলবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..