✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৩, | ১৪:৩০:২১ |জার্মানি বর্তমানে স্নায়ুযুদ্ধের চেয়েও মারাত্মক এক বিপজ্জনক ছায়াযুদ্ধের মুখোমুখি হচ্ছে বলে তীব্র সতর্কবার্তা দিয়েছেন দেশটির অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী অ্যালেক্সান্ডার ডোব্রিন্ট। বার্লিনে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভির এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশটিকে মৌলিকভাবে অস্থিতিশীল করার লক্ষ্য নিয়েই এই ছায়াযুদ্ধ চালনা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও সংস্কার বিল পাসের জোর দাবি জানান।
যদিও জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রী সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করেননি, তবুও তার বক্তব্য চলতি মাসে জার্মান সামরিক ও বৈদেশিক গোয়েন্দা সংস্থার দেওয়া মস্কোর সঙ্গে সামরিক সংঘাতের মারাত্মক ঝুঁকির সতর্কবার্তার সঙ্গেই মিলে যায়। বিশেষ করে গত আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে সংঘটিত হামলার ব্যর্থ চেষ্টার পর গোয়েন্দা সংস্থাকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার দাবি জোরদার হয়। ওই হামলাচেষ্টার জন্য জার্মান কর্তৃপক্ষ রাশিয়াকেই দায়ী করেছিল।
বর্তমানে প্রস্তাবিত একটি নতুন সরকারি সংস্কার বিল দেশের পার্লামেন্টারি কমিটিতে পর্যালোচনার অধীনে রয়েছে, যা অনুমোদন পেলে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণসহ ব্যাপক ক্ষমতা প্রদান করবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি শাসনের তিক্ত অভিজ্ঞতার কারণে ঐতিহ্যগতভাবেই জার্মানির গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্ষমতা ফ্রান্স, ব্রিটেন বা আমেরিকার মতো মিত্রদেশগুলোর চেয়ে বেশ সীমাবদ্ধ বা নিয়ন্ত্রিত ছিল। তবে বর্তমান চ্যালেঞ্জের মাত্রা বিবেচনায় মন্ত্রী সতর্ক করে বলেন, আন্তর্জাতিক গোয়েন্দা সক্ষমতা অর্জনে জার্মানি কোনোভাবেই দ্বিতীয় বা তৃতীয় সারির দেশ হিসেবে পিছিয়ে থাকতে পারে না। দেশটিকে অবশ্যই নিরাপত্তা ও প্রযুক্তিগত উৎকর্ষের সর্বাগ্রে থাকতে হবে।