যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করে দলটির বিচার শুরুর দাবি জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে হেনস্তার চেষ্টার ঘটনা আওয়ামী লীগের রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্রের বহিঃপ্রকাশ। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
নাহিদ ইসলামের অভিযোগ, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের নেতাকর্মীদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে অনুশোচনারও কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি দেশে ও বিদেশে সক্রিয় এ ধরনের নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জুলাইয়ের গণহত্যা এবং ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবি তোলেন। গণহত্যা ও সন্ত্রাসের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারও অবিলম্বে শুরু করার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতির শেষে তিনি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব সদস্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ জাতীয় আরো খবর..