✕

সর্বশেষ :

কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৫, | ১১:৪২:০৬ |

রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

নিহত আল আমিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম আলমগীর হাওলাদার। আহত রাজিবও একই প্রতিষ্ঠানে কর্মরত। তিনি রাজধানীর শ্যামপুর থানার খন্দকার রোড এলাকার বাসিন্দা।

আহত রাজিব জানান, প্রতিদিনের মতো অফিস শেষে তিনি ও আল আমিন মোটরসাইকেলে করে বাসার দিকে যাচ্ছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে বিপরীত দিক থেকে কয়েকটি অটোরিকশা আসতে দেখে তিনি মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। একই সঙ্গে পেছনে থাকা কাভার্ডভ্যানের চালককে সিগন্যাল দেন। তবে চালক সম্ভবত সেই সিগন্যাল বুঝতে পারেননি। পরে দ্রুতগতির কাভার্ডভ্যানটি তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে আল আমিন ও রাজিব সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

রাজিবের বোন রোকেয়া বলেন, আল আমিন ও রাজিব সব সময় একসঙ্গে চলাফেরা করতেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আল আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রাজিব জরুরি বিভাগে চিকিৎসাধীন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..