✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৫, | ১১:১০:৩৫ |চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর ঘরোয়া লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিলান। সান সিরোয় ম্যাচের শুরুটা ছিল হতাশাজনক, তবে শেষটা হয়েছে গোলের ঝড়ে—দুই গোল পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে উদিনেসের বিপক্ষে বড় জয় তুলে নেয় তারা।
সোমবার রাতে ইতালিয়ান সিরি’আয় ক্রিস্তিয়ান কিভুর দল ৫-৩ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ী হয়। নতুন মৌসুমে টানা চার ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
নিজেদের ডেরায় ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে ইন্টার। নবম মিনিটে কর্নার থেকে পাওয়া বল মাথা ছুঁইয়ে ইন্টার গোলকিপারকে পরাস্ত করেন জেমস আবানকওয়া। এরপর ১৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়ুর্গেন এক্কেলেনকাম্প। কিয়ান ডেভিসের বাড়ানো বল কাছ থেকে জালে জড়িয়ে দেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করে ইন্টার। মার্কাস থুরামের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন উদিনেসের গোলকিপার মাদুকা ওকোয়ে। ফিরতি বলেও থুরামের প্রচেষ্টা রুখে দেন তিনি। তবে ২৬তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান কমান কার্লোস অগুস্তো।
প্রথমার্ধ শেষ হওয়ার ১০ মিনিট আগে সমতায় ফেরে ইন্টার। থুরামের পাস পেয়ে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে ২-২ করেন নিকোলো বারেলা।
দ্বিতীয়ার্ধে ইন্টারের আক্রমণের সামনে আর টিকতে পারেনি উদিনেসে। ৫৭তম মিনিটে অ্যান্ডি দিউফ ডান দিক দিয়ে বক্সে ঢুকে বল পেছনে বাড়িয়ে দেন। সেখান থেকে নিচু শটে বল দূরের পোস্ট ঘেঁষে জালে পাঠিয়ে ইন্টারকে প্রথমবারের মতো এগিয়ে দেন থুরাম।
৬৭তম মিনিটে পিও এসপোসিতো ব্যবধান ৪-২ করেন। পিওত্র জিয়েলিনস্কির দ্রুত পাস পেয়ে কাছ থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।
ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ইন্টার পায় পঞ্চম গোল। আনজে-ইয়োআন বন্নির প্রথম শট ঠেকিয়ে দিয়েছিলেন ওকোয়ে। তবে ফিরতি বল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়িয়ে দেন ইন্টারের এই বদলি ফরোয়ার্ড।
যোগ করা সময়ে উদিনেজের হয়ে একটি গোল শোধ করেন ইদ্রিসা গেয়ি। তাতে ব্যবধান কিছুটা কমলেও জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার।
এই নিয়ে টানা দ্বিতীয় লিগ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকে জয় পেল ইন্টার। এর আগের লিগ ম্যাচে নাপোলির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় পায় তারা।
চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে ইন্টার। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রোমা।
রাতের আরেক ম্যাচে তোরিনোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছিল রোমা। ডনিয়েল মালেন চার ম্যাচে নিজের ষষ্ঠ গোল করে রোমাকে এগিয়ে দেওয়ার পর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন নিকোলো পিসিল্লি। পরে ইন্টারের দুর্দান্ত কামব্যাকে দুই দলই শতভাগ জয় নিয়ে সমান অবস্থানে চলে আসে।