✕

সর্বশেষ :

তোরেসের প্রশংসায় পঞ্চমুখ দেম্বেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১৮:৫৪:৫৮ |

প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পর দুর্দান্ত ছন্দে আছেন ফেরান তোরেস। বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাবটিতে নাম লেখানোর পর থেকেই মাঠে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন স্পেনের এই ফরোয়ার্ড। নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচে হ্যাটট্রিকের পর এবার লিগ ওয়ানেও জয়সূচক গোল করেছেন তিনি।

রবিবার রাতে ব্রেস্টের বিপক্ষে পিএসজির ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন তোরেস। ম্যাচ শেষে সতীর্থের প্রশংসায় পঞ্চমুখ হন উসমান দেম্বেলে। তোরেসের গতি, পজিশনিং ও গোল করার দক্ষতার পাশাপাশি তাঁর বহুমুখী প্রতিভার কথাও তুলে ধরেন ফরাসি ফরোয়ার্ড।

বার্সেলোনায় একসঙ্গে খেলার সুবাদে তোরেসকে খুব ভালোভাবেই চেনেন দেম্বেলে। তাঁর মতে, স্ট্রাইকার হিসেবে দুর্দান্ত হলেও উইংয়েও সমান কার্যকর তোরেস। আর এই বহুমুখী দক্ষতাই তাঁকে সতীর্থদের জন্য বিশেষ করে তুলেছে।

ব্রেস্টের বিপক্ষে ম্যাচ শেষে ‘লিগ ওয়ান প্লাস’কে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘বার্সেলোনায় একসঙ্গে খেলার কারণে আমরা একে অপরকে খুব ভালোভাবেই চিনি। সে অত্যন্ত গতিশীল একজন ফরোয়ার্ড। প্রকৃত অর্থেই সে একজন নিখুঁত স্কোরার এবং আদর্শ নম্বর নাইন।’

তোরেসের সঙ্গে মাঠে খেলাটা কেন সহজ, সেটিও ব্যাখ্যা করেছেন দেম্বেলে। তিনি বলেন, ‘তাঁর সঙ্গে খেলা সত্যিই খুব সহজ। সে বক্সে খুব চমৎকার রান নেয়। আর আমি ডিফেন্সের ফাঁক গলে থ্রু পাস বাড়াতে পছন্দ করি। তাই তাকে খুঁজে পাওয়া বেশ সহজ। আমরা মাঠে অনেক কথা বলি এবং আমাদের বোঝাপড়াটাও চমৎকার।’

এদিকে সামনে পিএসজির জন্য অপেক্ষা করছে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী মার্সেইয়ের বিপক্ষে ‘ল্য ক্লাসিক’ লড়াইয়ে মাঠে নামবে পিএসজি।

গত মৌসুমে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি দেম্বেলে। তাই এবার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি। মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের উত্তেজনা সম্পর্কে দেম্বেলে বলেন, ‘হ্যাঁ, এটি খুব বড় একটি ম্যাচ হতে যাচ্ছে। গত বছর আমি এই ম্যাচে খেলতে পারিনি। মার্সেইয়ের বিপক্ষে লড়াই মানেই আলাদা এক রোমাঞ্চ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..