✕

সর্বশেষ :

আয়ুষ্মান, ১০ হাজার টাকার পুঁজি থেকে ৮০ কোটির মালিক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১৮:৫০:৪২ |

বলিউডে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করেছেন আয়ুষ্মান খুরানা। ক্যারিয়ারের শুরু থেকেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী চরিত্র বেছে নিয়েছেন তিনি। সেই সাহসী সিদ্ধান্তই ধীরে ধীরে তাকে বলিউডে আলাদা উচ্চতায় নিয়ে গেছে। তবে এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। সংগ্রাম ও পরিশ্রমের পরই আজকের এই অবস্থানে পৌঁছেছেন আয়ুষ্মান।

২০০৪ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’ জয়ের মাধ্যমে বিনোদন জগতে প্রথম পরিচিতি পান আয়ুষ্মান। এর পর মঞ্চ, বেতার ও ছোটপর্দায় সঞ্চালক হিসেবে দীর্ঘদিন কাজ করেন তিনি। ২০১২ সালে পরিচালক সুজিত সরকারের ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। প্রথম ছবিতেই শুক্রাণু-দাতার মতো সাহসী চরিত্রে অভিনয় করেন তিনি। একই সঙ্গে ছবির জনপ্রিয় গান ‘পানি দা রং’-এ কণ্ঠ দিয়ে দর্শকদের মন জয় করেন এবং শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার পান।

পরবর্তী সময়ে ‘দম লগা কে হাইশা’, ‘বালা’, ‘বধাই হো’, ‘আর্টিকেল ১৫’ ও ‘অন্ধাধুন’-এর মতো সিনেমা দিয়ে তিনি নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেন। বিশেষ করে ‘অন্ধাধুন’ ছবিতে অন্ধ পিয়ানোবাদকের চরিত্রে অভিনয় করে তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

অভিনয় জীবনের এই অগ্রগতির সঙ্গে বদলে গেছে আয়ুষ্মানের আর্থিক অবস্থাও। ২০০৮ সালে ছোটবেলার বন্ধু তাহিরা কশ্যপকে বিয়ে করার সময় তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল মাত্র ১০ হাজার টাকা। মেধা ও নিখাদ পরিশ্রমে আজ বিভিন্ন অর্থনৈতিক রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা। বর্তমানে ছবিপ্রতি তিনি আট থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার জন্য তিনি ১০ কোটি টাকা নিয়েছিলেন।

তবে কেবল অর্থনৈতিক উন্নতি বা পর্দার সাফল্যেই আয়ুষ্মানের পরিচয় সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে স্ত্রীকে দেওয়া তার সমর্থন নেটদুনিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্ত্রী তাহিরা কশ্যপ ক্যানসারে আক্রান্ত হলে সব ব্যস্ততা বাদ দিয়ে স্ত্রীর পাশে ছায়ার মতো ছিলেন আয়ুষ্মান। 

তাহিরা একাধিক বার জানিয়েছেন, স্বামীর নিরবচ্ছিন্ন ভালোবাসা ও মানসিক সহযোগিতাই তাকে মরণব্যাধির বিরুদ্ধে লড়তে সাহসের জোগান দিয়েছিল। সব বাধা পেরিয়ে পাশে থাকার এই ভালোবাসার কারণেই বলিউডে তাদের জুটিকে ‘পাওয়ার কাপল’ বলা হয়। আজ ১৪ সেপ্টেম্বর ৪২ বছরে পা দিয়েছেন এই অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..