✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৪, | ১১:০১:২৩ |

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগ ওঠার কয়েকদিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান তিনি।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একই সঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

বাঁধন বলেন, যারা হামলা চালিয়েছেন, তারা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছেন। তার ভাষায়, আক্রমণকারীরা তার গায়ে হাত তুলেছেন এবং এ ধরনের বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দলকে ভালোবাসার জায়গা থেকে কেউ যেন এমন কোনো কাজে জড়িত না হন, যাতে পরবর্তী সময়ে তাদের পরিবারের সদস্যদের কষ্ট পেতে হয়। রাজনৈতিক দলের নেতারা নিরাপদে থাকলেও কর্মীদের এমন কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত তাদের পরিবারকেই বহন করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

ইতালিতে নিজের নিরাপত্তা প্রসঙ্গে বাঁধন জানান, ঘটনার পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। সেখানে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও পেয়েছেন তিনি।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে একদল প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে তাকে হেনস্তা ও হামলার অভিযোগ করেন বাঁধন। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই সময় বাঁধনের দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয়। পাশাপাশি তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে। ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন অভিনেত্রী। পরে ইতালির পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে।

হামলার অভিযোগের পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা শুরু হয়। তাকে আইনি ও অন্যান্য সহায়তা দেওয়ার কথা জানায় ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেট। পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তোলার কথা জানানো হয়েছিল।

ঘটনার পর বাঁধনও জানিয়েছিলেন, তিনি বিষয়টির শেষ পর্যন্ত যেতে চান এবং ঘটনার বিচার নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে থাকবেন।

প্রসঙ্গত, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের এই সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করে। চলচ্চিত্রের প্রদর্শনীতে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে ঘটে যাওয়া হামলার অভিযোগের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..