✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১২, | ০০:৪২:২৯ |তিন মাসের জন্য সান্তোসে যোগ দিয়েছেন ফিলিপে কুতিনহো। বন্ধু নেইমারের সঙ্গে খেলতে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে চুক্তি সেরেছেন তিনি।
গত ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামা ছাড়ার পর থেকে কোনো ক্লাবে খেলেননি কুতিনহো। ঘরেই ফিটনেস ধরে রাখার চেষ্টা করছিলেন তিনি। এবার সান্তোসে স্বল্পমেয়াদি চুক্তিতে মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন সাবেক এই বার্সেলোনা ও লিভারপুল তারকা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো ডটকম জানিয়েছে, কার্যত এটি কুতিনহোর জন্য একটি পরীক্ষামূলক সময়। তিন মাসে নিজের শারীরিক অবস্থা, ছন্দ এবং ফুটবলের প্রতি আগ্রহ যাচাই করার সুযোগ পাবেন তিনি।
কুতিনহোর জন্য সান্তোসে যোগ দেওয়ার বিষয়টি শুধু ফুটবলে ফেরার সুযোগ নয়, ব্যক্তিগতভাবেও বিশেষ। ক্লাবটিতে তাঁর বন্ধু ও ব্রাজিলের আরেক তারকা নেইমারের সঙ্গে খেলতে পারবেন তিনি। তবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর কোনো বাধ্যবাধকতা থাকছে না। ফলে আগামী তিন মাসের অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
এই সময়ে সান্তোসকে দুটি প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ লড়াইয়ে অংশ নিতে হবে। ব্রাজিলিয়ান লিগ ব্রাসিলেইরাওয়ের শেষ রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা ২ ডিসেম্বর। পাশাপাশি কোপা সুদামেরিকানার ফাইনাল হবে ২১ নভেম্বর। সান্তোস ইতোমধ্যে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মিনেইরো।
তিন মাসের এই অধ্যায় তাই কুতিনহোর ক্যারিয়ারে হতে পারে গুরুত্বপূর্ণ এক মোড়। মাঠে নিজেকে আবার প্রমাণ করতে পারলে হয়তো নতুন করে ক্যারিয়ার পুনরুজ্জীবনের পথ খুলে যাবে তার সামনে। আর যদি আগের ছন্দে ফিরতে না পারেন, তাহলে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তও আসতে পারে এই সময়ের পর।