✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১১, | ২০:১৩:২১ |বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলীর ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১৪ জেলেকেই অন্য একটি ট্রলারের সহায়তায় জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তালতলী উপজেলার ফকিরঘাট মৎস্য অবতরণ উপকেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে দুবলার চরসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ১৪ জেলের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা।
জানা গেছে, বুধবার তালতলীর নিদ্রা এলাকার জাফর মিয়ার মালিকানাধীন ট্রলারটি ১৪ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার আবহাওয়া খারাপ হয়ে সাগর উত্তাল হলে উপকূলে ফেরার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। খবর পেয়ে ফকিরঘাট মৎস্য অবতরণকেন্দ্র ও স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে রাত ১০টার দিকে ‘সেলিম মাঝি’র ট্রলারের সহায়তায় সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকারী ট্রলারে করে তারা নিরাপদে উপকূলে ফিরে নিজ নিজ বাড়িতে চলে যান।
উদ্ধারকারী ট্রলারের মাঝি রাজু মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাগরে ভাসমান ১৪ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ফকিরঘাট মৎস্য অবতরণকেন্দ্রের মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. মজিবর ফরাজী বলেন, সাগর উত্তাল থাকায় ফকিরঘাটে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়। খবর পাওয়ার পর ঘাটে থাকা জেলেদের ট্রলার পাঠিয়ে ১৪ জেলেকেই উদ্ধার করা হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ট্রলারডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি। ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদের শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।