✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফোল্ডেবল আইফোনসহ ৯ সেপ্টেম্বর থাকতে পারে অ্যাপলের যেসব বড় চমক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৬, | ১৪:৪৭:৪১ |

অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন আইফোন উন্মোচন হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এবারের আয়োজনে সবচেয়ে বড় চমক হতে পারে প্রতিষ্ঠানটির প্রথম ফোল্ডেবল আইফোন। পাশাপাশি উন্মোচন করা হতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। তবে সাধারণ আইফোন ১৮ মডেলটি এবারের আয়োজনে থাকছে না বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে।

‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এবারের অনুষ্ঠানটি ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত সময় রাত ৯টায় অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর টিম কুকের কাছ থেকে অ্যাপলের নেতৃত্ব নেওয়া জন টার্নাসের নেতৃত্বে এটিই হতে যাচ্ছে প্রথম আইফোন উন্মোচন অনুষ্ঠান।

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও ফোল্ডেবল আইফোনের সম্ভাব্য আগমনের ইঙ্গিত পাওয়া গেছে। আমন্ত্রণপত্রে অ্যাপলের লোগোর মাঝ বরাবর একটি সরু রেখা দেখা গেছে। এর সঙ্গে ফোল্ডেবল আইফোন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের যোগসূত্র রয়েছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

ফোল্ডেবল আইফোনে কী থাকছে

বিভিন্ন লিক ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন ফোল্ডেবল আইফোনটির নাম ‘আইফোন আল্ট্রা’ হতে পারে। এটি তুলনামূলক খাটো ও চওড়া নকশার হবে, যা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ ও শাওমি ১৮ ফোল্ডের কাছাকাছি হতে পারে।

ফোনটির পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে—একটি ওয়াইড ও অন্যটি আল্ট্রা-ওয়াইড। তবে টেলিফটো ক্যামেরা না থাকার গুঞ্জন রয়েছে।

ফোল্ডেবল নকশার কারণে ফেস আইডি রাখা সম্ভব নাও হতে পারে। এর পরিবর্তে পাওয়ার বাটনে টাচ আইডি ফিরতে পারে, যেভাবে কিছু আইপ্যাডে এই প্রযুক্তি ব্যবহার করা হয়।

ফোনটির ডিসপ্লের মাঝখানের ভাঁজ বা ক্রিজ নিয়েও অ্যাপল বিশেষ গুরুত্ব দিয়েছে বলে বিভিন্ন লিক থেকে জানা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, ক্রিজের গভীরতা ০.১৫ মিলিমিটারের কম হতে পারে। ডিসপ্লেতে দৃশ্যমান ভাঁজ যতটা সম্ভব কমিয়ে আনার জন্য অ্যাপল খরচের বিষয়টি গুরুত্ব দেয়নি বলেও দাবি করা হচ্ছে।

ফোল্ডেবল ফোনটির বাইরের ডিসপ্লে ৫.৩ থেকে ৫.৫ ইঞ্চি এবং ভেতরের ডিসপ্লে ৭.৬ থেকে ৭.৮ ইঞ্চি হতে পারে।

দামের দিক থেকেও এটি অ্যাপলের সবচেয়ে ব্যয়বহুল আইফোন হতে পারে। বিভিন্ন পূর্বাভাসে এর দাম ২ হাজার থেকে ২ হাজার ৩০০ ডলারের মধ্যে হতে পারে বলে বলা হচ্ছে। 

তবে এসব তথ্যের কোনোটিই এখনো অ্যাপল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

থাকছে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স

ফোল্ডেবল আইফোনের পাশাপাশি এবারের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

লিক অনুযায়ী, নতুন মডেল দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ থাকতে পারে। ডায়নামিক আইল্যান্ডের আকারও ছোট হতে পারে। ফেস আইডির কিছু সেন্সর ডিসপ্লের নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রঙের ক্ষেত্রে ডার্ক চেরি ও স্কাই ব্লু নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন রয়েছে। তবে সিলভার ও কালো রঙ নিয়েও ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

ক্যামেরায়ও কিছু পরিবর্তন আসতে পারে। আইফোন ১৮ সিরিজে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে, যদিও এটি শুধু প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে। সামনের ক্যামেরা ১৮ থেকে বেড়ে ২৪ মেগাপিক্সেল হতে পারে।

অ্যাপল এখনো নতুন মডেলগুলোর দাম ঘোষণা করেনি। তবে বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, পুরো আইফোন ১৮ সিরিজের দাম ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে আইফোন ১৮ প্রোর দাম শুরু হতে পারে ৫ হাজার ৯৯ দিরহাম থেকে এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ৫ হাজার ৫৪৯ দিরহাম থেকে।

দুই ধাপে আসছে আইফোন

এবার আইফোন উন্মোচনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে অ্যাপল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সাধারণ আইফোন ১৮ মডেলটি ২০২৭ সালের শুরুতে বাজারে আসতে পারে। ফলে এবারের অনুষ্ঠানে সেটি ঘোষণা করা হবে না।

অ্যাপলের একটি সরবরাহকারী গত ১২ আগস্টের আয়ের প্রতিবেদনে জানিয়েছিল, বড় একটি গ্রাহক তাদের নিয়মিত পণ্য সরবরাহের সময়সূচিতে পরিবর্তন আনছে। সেই তথ্যের সঙ্গে আইফোন ১৮-এর বিলম্বের বিষয়টি মিলিয়ে দেখা হচ্ছে।

এদিকে, চলতি বছর ম্যাক ও আইপ্যাডের দাম বাড়িয়েছে অ্যাপল। মেমোরি চিপের বাড়তি খরচকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। নতুন আইফোনের দাম বাড়ার সম্ভাবনার ক্ষেত্রেও একই বিষয় প্রভাব ফেলতে পারে।

নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপড

নতুন আইফোনের পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও ওয়াচ আল্ট্রা ৪ উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। এগুলোতে দ্রুতগতির চিপ, সবসময় চালু থাকা হার্ট-রেট ট্র্যাকিং এবং নতুন ফিটনেস অ্যাপ থাকতে পারে।

এ ছাড়া এয়ারপডস ৫-এর দুটি সংস্করণ আসতে পারে। এর একটি সংস্করণে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন থাকবে, অন্যটিতে থাকবে না।

ফোল্ডেবল আইফোন পেতে অপেক্ষা বাড়তে পারে

ফোল্ডেবল আইফোন আল্ট্রা নিয়ে আগ্রহীদের জন্য অবশ্য বাজারে আসার সময় কিছুটা অপেক্ষা করতে হতে পারে। অ্যাপল এ বছর প্রায় ১ কোটি ইউনিট তৈরির জন্য সরবরাহকারীদের প্রস্তুত থাকতে বলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রো মডেলগুলোর তুলনায় এই সংখ্যা অনেক কম।

চাহিদার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন বাজারে ফোনটি পৌঁছাতে কয়েক মাস সময় লাগতে পারে। সংযুক্ত আরব আমিরাতও সেই তালিকায় থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সাধারণত অ্যাপলের নতুন আইফোনের প্রি-অর্ডার অনুষ্ঠানের পরের শুক্রবার শুরু হয়। তবে এবার ১২ সেপ্টেম্বর শনিবার থেকে প্রি-অর্ডার শুরু হতে পারে এবং ১৮ সেপ্টেম্বর থেকে দোকানে পাওয়া যেতে পারে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স। ফোল্ডেবল আইফোন আল্ট্রা এই সময়সূচি অনুসরণ নাও করতে পারে।

সূত্র: খালিজ টাইমস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..