✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৯:৪৩:০০ |ইরানের দেওয়া কঠোর কিছু শর্তকে কেন্দ্র করে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে দেশটির সাম্প্রতিক অবস্থানের কারণে আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম।
সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর সরবরাহের জন্য আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.০৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৪.৪৬ মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, সেপ্টেম্বর সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্সের দাম ০.৮৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৮.৮৪ ডলারে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন তাদের দাবি না মানা পর্যন্ত এই কৌশলগত জলপথটি পুনরায় চালু করা হবে না। ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং যুদ্ধজনিত ক্ষতির ক্ষতিপূরণ প্রদান করা। যুক্তরাষ্ট্র একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর দাবি করলেও বর্তমানে তাদের সাথে কোনো সরাসরি আলোচনা চলছে না বলেও নিশ্চিত করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ষষ্ঠ মাসে পদার্পণ করায় হরমুজ প্রণালি কার্যতঃ অবরুদ্ধ অবস্থাতেই রয়েছে, যার ফলে জ্বালানি বাজার নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে জ্বালানি তেলের বাজারে এমন অস্থিরতা সত্ত্বেও এশিয়ার শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.১ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি ০.৭ শতাংশ এবং হংকংয়ের হ্যাং সেং সূচক ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি