ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজ করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য করা হয়েছে। ফলে বাংলা কিউআর কোডের মাধ্যমে কোনো লেনদেন হলে ইস্যুয়িং প্রতিষ্ঠানকে এক্যুয়্যারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনসংক্রান্ত নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এদিকে, গত ১ জুলাই ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি ও চার্জ নির্ধারণসংক্রান্ত যে সার্কুলার জারি করা হয়েছিল, সেটিও রহিত করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের ছোট অঙ্কের লেনদেনে এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..