সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজারের বেশি গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২১, | ১৪:০৭:৪৪ |

আবাসন (ইকামা), শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার ২৮৮ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৭ হাজার ৮৬৪ জন আবাসন আইন (ইকামা) লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৫৭৬ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় এবং ২ হাজার ৮৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৬৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে প্রতিবেশী দেশে যাওয়ার সময় আরও ৫৪ জনকে আটক করা হয়েছে। অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা বা যাতায়াতে সহায়তা করার অভিযোগে আরও ২৪ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ বা অবস্থানকারী ব্যক্তিদের সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

দেশটির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সন্দেহজনক কার্যকলাপ বা আইন লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..