✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চট্টগ্রামের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের ঢল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১৯:০৯:০৩ |

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে চট্টগ্রামের বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেখা গেছে উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নগর ও আশপাশের বিনোদনকেন্দ্রে ঘুরতে বের হন হাজারো মানুষ।

শুক্রবার (২৯ মে) সকাল থেকেই পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক, চট্টগ্রাম চিড়িয়াখানা, পারকি সৈকত, গুলিয়াখালী সী বিচ এবং ভাটিয়ারি সানসেট পয়েন্টে ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নগরের বাইরে থেকেও অনেকেই ঈদের ছুটিতে এসব পর্যটনকেন্দ্রে ঘুরতে আসেন। সরেজমিনে দেখা যায়, পতেঙ্গা সমুদ্রসৈকতে শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ঘোড়ার গাড়িতে চড়ছে, কেউ আবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। একইভাবে ফয়’স লেকে নৌকাভ্রমণ ও বিভিন্ন রাইডে ছিল দর্শনার্থীদের ভিড়। পারকি সমুদ্রসৈকত ও সীতাকুণ্ডের গুলিয়াখালী সী বিচেও পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেলের দিকে ভাটিয়ারি সানসেট পয়েন্টে সূর্যাস্ত উপভোগ করতে জড়ো হন অসংখ্য তরুণ-তরুণী।

পতেঙ্গা সমুদ্রসৈকতে আসা পর্যটক জামাল জানান, ঈদের পরদিন পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। দীর্ঘদিন পর সবাই একসঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগছে।

ফয়’স লেকে বন্ধুদের সঙ্গে আসা কলেজছাত্রী শিরিন বলেন, ঈদের ছুটি উপভোগ করতেই এখানে এসেছি। আজ অনেক মানুষের ভিড়, সবাই খুব আনন্দ করছে।

এদিকে বাড়তি দর্শনার্থীদের সামাল দিতে বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেন। যানজট এড়াতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়।

ট্যুরিস্ট পুলিশের পতেঙ্গা জোনের সাব-জোন ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হাসান ইমাম বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারেন, সেজন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..