বাজার বিশ্লেষকদের মতে, হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ায় এ প্রবৃদ্ধি এসেছে। বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে টয়োটার গাড়ির বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক কিছুটা চাপ তৈরি করেছে, তবু বাজারে চাহিদা শক্ত ছিল টয়োটার
বিশ্ববাজারে ফের নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিল টয়োটা। ২০২৫ অর্থবছরে (২০২৪ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ) প্রতিষ্ঠানটি বৈশ্বিক বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, এ সময় মোট ১ কোটি ৪৮ লাখ গাড়ি বিক্রি হয়েছে। আগের বছরের তুলনায় যা প্রায় ২ শতাংশ বেশি। খবর জাপান টাইমস।
প্রতিবেদনে অনুযায়ী, একই সঙ্গে উৎপাদনও বেড়েছে কোম্পানিটির। মার্চে শেষ হওয়া অর্থবছরে কোম্পানির মোট উৎপাদন প্রায় ৯৮ লাখ ৯০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। এটিও আগের বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেশি।
বাজার বিশ্লেষকদের মতে, হাইব্রিড গাড়ির চাহিদা বাড়ায় এ প্রবৃদ্ধি এসেছে। বিশেষ করে উত্তর আমেরিকার বাজারে টয়োটার গাড়ির বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক কিছুটা চাপ তৈরি করেছে, তবু বাজারে চাহিদা শক্ত ছিল টয়োটার।
একই সঙ্গে বিদেশী বাজারে টয়োটার বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ অর্থবছরে জাপানের বাইরে বিক্রি হয়েছে প্রায় ৯০ লাখ গাড়ি। এটি কোম্পানির ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। দেশটিতে মোট বিক্রি হয়েছে ২৫ লাখ ২০ হাজার ইউনিট গাড়ি।
উত্তর আমেরিকায় করোলা ও ক্যামরি মডেলের চাহিদা বেশি ছিল। তাই মডেল দুটি টয়োটার বিক্রিতে বড় ভূমিকা রেখেছে।
তবে সব বাজারে একই চিত্র দেখা যায়নি। চীনে টয়োটার বিক্রি ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার ইউনিটে। দেশটিতে বিদ্যুচ্চালিত গাড়ির বাজারে প্রতিযোগিতা বাড়ায় এ পতন হয়েছে। একইভাবে জাপানের বাজারেও বিক্রি ২ শতাংশ কমেছে।
এদিকে জাপানের অন্যান্য গাড়ি নির্মাতাদের চিত্র মিশ্র। একই সময় আটটি বড় কোম্পানির মোট বিক্রি ১ দশমিক ৩ শতাংশ কমেছে। হোন্ডার বিক্রি কমেছে ৮ দশমিক ৬ শতাংশ। চীনে প্রতিযোগিতা বাড়ায় কোম্পানিটির বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে সুজুকির বিক্রি কিছুটা বেড়েছে আর নিসানের বিক্রি কমেছে। যুক্তরাষ্ট্রের বাজারে টয়োটা ছাড়া অন্য জাপানি কোম্পানিগুলোর বিক্রি কমেছে।
সব মিলিয়ে, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও টয়োটা ২০২৫ অর্থবছরে শক্ত অবস্থান ধরে রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হাইব্রিড গাড়ির চাহিদা এ সময় কোম্পানির প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এ জাতীয় আরো খবর..