সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে বিমানে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি মাজারের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
তিনি বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শাহাজালাল মাজার জিয়ারত করতে যাচ্ছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। দিনব্যাপী এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনসহ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, জিয়ারত শেষে বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন তিনি। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেওয়ার পর সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..