অ্যাপলে ১৫ বছরের নেতৃত্বে ইতি টানছেন টিম কুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৩:৫৫:৪৭ |
২০০৯ সালে স্টিভ জবসের ক্যানসার চিকিৎসার সময় তার ঘনিষ্ঠ সহযোগী টিম কুক অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব নেন। পরে ২০১১ সালের আগস্টে জবসের মৃত্যুর কিছুদিন আগে স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করেন

সেপ্টেম্বরের শুরুতে অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) পদ থেকে সরে দাঁড়াবেন টিম কুক। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কোম্পানির হার্ডওয়্যার বিভাগের প্রধান জন টার্নাস। এর মধ্য দিয়ে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটিতে টিম কুকের টানা ১৫ বছরের নেতৃত্বের অধ্যায় শেষ হচ্ছে। খবর এফটি।

প্রতিষ্ঠাতা স্টিভ জবসের কাছ থেকে ২০১১ সালে অ্যাপলের সিইওর দায়িত্ব গ্রহণ করেন টিম কুক। গতকাল এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, তিনি অ্যাপলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।

এর ফলে গত ৩০ বছরে অ্যাপলে মাত্র তৃতীয়বারের মতো শীর্ষ নির্বাহীর পরিবর্তন ঘটছে।

অ্যাপলে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন জন টার্নাস দীর্ঘদিন ধরেই টিম কুকের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত ছিলেন। তিনি কোম্পানির প্রধান পণ্যগুলোর প্রকৌশল তত্ত্বাবধান করতেন, যার মধ্যে রয়েছে আইফোন, আইপ্যাড ও ম্যাক।

দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে ৬৫ বছর বয়সী টিম কুক বলেন, জন টার্নাসের রয়েছে একজন প্রকৌশলীর চিন্তাশক্তি, উদ্ভাবকের আত্মা এবং সততা ও সম্মানের সঙ্গে নেতৃত্ব দেয়ার মনোভাব। তিনি নিঃসন্দেহে অ্যাপলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার সঠিক ব্যক্তি।

নতুন সিইও এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন যখন অ্যাপল কঠিন চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থানান্তরের জন্য ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে কোম্পানিটি।

এছাড়া নতুন প্রধান নির্বাহীকে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশলও সামলাতে হবে। সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তি কাজে লাগাতে গিয়ে প্রতিষ্ঠানটি কিছু ব্যর্থতার মুখে পড়েছে।

জন টার্নাস বলেন, স্টিভ জবসের অধীনে কাজ করার সুযোগ এবং টিম কুককে আমার মেন্টর হিসেবে পাওয়াকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।

চেয়ারম্যান হিসেবে টিম কুক অ্যাপলের বর্তমান বোর্ড প্রধান আর্থার লেভিনসনের স্থলাভিষিক্ত হবেন। লেভিনসন ১৫ বছর পর বোর্ডের লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবেন।

২০০৯ সালে স্টিভ জবসের ক্যানসার চিকিৎসার সময় তার ঘনিষ্ঠ সহযোগী টিম কুক অস্থায়ী সিইও হিসেবে দায়িত্ব নেন। পরে ২০১১ সালের আগস্টে জবসের মৃত্যুর কিছুদিন আগে স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তার নেতৃত্বে অ্যাপলের বাজারমূল্য প্রায় ১০ গুণ বৃদ্ধি পায়। এ সময়ে প্রতিষ্ঠানটি ২০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের আইফোন বিক্রি করেছে এবং অ্যাপ স্টোর, অ্যাপল পে ও আইক্লাউডের মতো পরিষেবার মাধ্যমে বছরে ১০ হাজার কোটি ডলারের বেশি আয়ের একটি শক্তিশালী সার্ভিস ব্যবসায় পরিণত হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..