ঢাকার ১১টি পেট্রোল পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলট কার্যক্রম হিসেবে ঢাকার ১১টি পেট্রোল পাম্পে এটি চালু করা হয়েছে। পাইলট কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত পাম্পগুলোতে এ সেবা ব্যবহার করা যাবে।
ফুয়েল পাসে যেসব পাম্পে তেল পাওয়া যাবে সেগুলো হলো– শ্যামলীর করিম এন্ড সন্স, মিরপুর-১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ (ফিলিং স্টেশন), উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর-১০ এর মেসার্স রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের মেসার্স করিম এন্ড ব্রাদার্স, মহাখালীর মেসার্স রশিদ ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন এবং মিরপুর কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে এসব পেট্রোল পাম্পে সব মোটরযানকে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করে জ্বালানি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস বিডি’ ব্যবহারের বিষয়ে পেট্রোল পাম্প ও ব্যবহারকারীদের জন্য সাধারণ নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, পাইলট কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে প্রয়োজনীয় নির্দেশনা প্রণয়ন করা হবে।
এর আগে রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে গত রবিবার (১৩ এপ্রিল) থেকে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। পাম্পগুলো হলো–তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।
এসব পাম্পে মোটরসাইকেল চালকেরা এখন কেবল ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করেই পেট্রল ও অকটেন নিতে পারবেন। পর্যায়ক্রমে এই ব্যবস্থা দেশের অন্যান্য ফিলিং স্টেশন এবং সব ধরনের যানবাহনের জন্য চালুর পরিকল্পনা রয়েছে।
এ জাতীয় আরো খবর..