✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ০০:০০:১৬ |গ্রীষ্মের তাপপ্রবাহে মানুষের যেমন হাঁসফাঁস অবস্থা হয়, তেমনি দীর্ঘক্ষণ চলার পর গাড়ির ইঞ্জিনেরও বিশ্রামের প্রয়োজন পড়ে। অনেক সময় চলন্ত অবস্থায় গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম বা ওভারহিট হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে গাড়ির কুলিং সিস্টেম ও রেডিয়েটরের ভূমিকা অপরিসীম। মূলত ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে গাড়িকে সচল রাখা এই সিস্টেমের প্রধান কাজ।
গাড়ির কুলিং সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয় রেডিয়েটরকে। এটি ইঞ্জিনের অতিরিক্ত তাপ শোষণ করে বাতাস ও পানির মাধ্যমে তা বাইরে বের করে দেয়। রেডিয়েটরের সঠিক যত্ন না নিলে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই গাড়ির সুস্থতায় নিয়মিত বিরতিতে কিছু রক্ষণাবেক্ষণ জরুরি।
রেডিয়েটরের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কুল্যান্ট। অনেকে রেডিয়েটরে কেবল সাধারণ পানি ব্যবহার করেন, যা মোটেও সঠিক নয়। সাধারণ পানি ব্যবহারের ফলে রেডিয়েটরের ভেতরে মরিচা ও আয়রন জমতে পারে। এতে সরু পাইপগুলো বন্ধ হয়ে যায় এবং পানি চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায়। তাই সব সময় মানসম্মত কুল্যান্ট ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে, কুল্যান্ট ও পানির মিশ্রণ ৫০:৫০ অনুপাতে রাখা সবচেয়ে কার্যকর।
রেডিয়েটরের ওপরের অংশে একটি প্রেশার ক্যাপ বা ঢাকনা থাকে। এটি সিস্টেমের ভেতরের চাপ নিয়ন্ত্রণ করে। দীর্ঘ ব্যবহারের ফলে ক্যাপের রাবার সিল ঢিলা হয়ে যেতে পারে। এতে কুল্যান্ট লিক করার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত বিরতিতে ক্যাপটি পরীক্ষা করা এবং প্রয়োজনে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ।
ইঞ্জিন গরম থাকা অবস্থায় কখনো রেডিয়েটরের ক্যাপ খোলা উচিত নয়। এতে গরম বাষ্প বা পানি ছিটকে এসে মারাত্মক দগ্ধ হওয়ার ঝুঁকি থাকে। গাড়ি পুরোপুরি ঠাণ্ডা হওয়ার পর কাপড়ের সাহায্যে সাবধানে ক্যাপ খুলতে হবে। এছাড়া রেডিয়েটর হোস ও রাবারের পাইপগুলো পরীক্ষা করা জরুরি। পাইপে কোনো ফাটল বা লিক থাকলে তা দ্রুত মেরামত করুন।
রেডিয়েটরের পেছনে একটি ফ্যান থাকে, যা বাতাস টেনে ইঞ্জিন ঠাণ্ডা করে। চলন্ত অবস্থায় ফ্যান ঠিকমতো ঘুরছে কি না, সেদিকে খেয়াল রাখুন। গাড়ির ড্যাশবোর্ডে থাকা টেম্পারেচার মিটারের ওপর সব সময় নজর দিন। যদি মিটারের কাঁটা লাল চিহ্নের কাছাকাছি পৌঁছায়, তবে বুঝতে হবে কুলিং সিস্টেমে কোনো সমস্যা হয়েছে। এ অবস্থায় গাড়ি চালানো বন্ধ করে মেকানিকের পরামর্শ নেওয়া জরুরি।
বছরে অন্তত একবার রেডিয়েটর ফ্লাশিং বা পরিষ্কার করুন। এতে ভেতরে জমে থাকা ময়লা ও আয়রন পরিষ্কার হয়ে যায় এবং কুলিং সিস্টেমের কার্যক্ষমতা বাড়ে। সঠিক রক্ষণাবেক্ষণ ও একটু সচেতনতা আপনার প্রিয় গাড়ির ইঞ্জিনের আয়ু বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এতে দীর্ঘ ভ্রমণে গাড়ি দেবে নিরবচ্ছিন্ন স্বস্তি।