নিউইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শোতে নিজেদের প্রথম তিন সারির বৈদ্যুতিক এসইউভি ‘গেটওয়ে’ উন্মোচন করেছে সুবারু। টয়োটার ‘ই-টিএনজিএ’ প্ল্যাটফর্মে তৈরি গাড়িটিতে ২০২৭ মডেলের হাইল্যান্ডার ইভির অনেক ফিচার থাকছে। বড় পরিবারের যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি এই শক্তিশালী গাড়িটি দিয়ে সুবারু বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।
সুবারু গেটওয়ে মডেলে থাকছে কোম্পানির সিমেট্রিক্যাল অল-হুইল ড্রাইভ সিস্টেম এবং ৪২০ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন। গাড়িটি মাত্র পাঁচ সেকেন্ডের কম সময়ে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সক্ষম। এতে ৯৫.৮ কিলোওয়াট-আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার পূর্ণ চার্জে ৩০০ মাইলের বেশি পথ পাড়ি দিতে পারবে। তবে এর চার্জিং গতি খুব একটা চমকপ্রদ নয়; ১৫০ কিলোওয়াট সিস্টেমে ব্যাটারির ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। প্রচণ্ড শীতেও যেন চার্জিং গতি ঠিক থাকে, সে জন্য এতে বিশেষ প্রিকন্ডিশনিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
সুবারুর ঐতিহ্য অনুযায়ী এই এসইউভিটি অফ-রোড বা দুর্গম পথে চলার উপযোগী করে তৈরি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৮.৩ ইঞ্চি। বরফ, কাদা ও পাহাড়ি রাস্তায় চলার জন্য এতে ‘এক্স-মোড’ সিস্টেম দেওয়া হয়েছে। এ ছাড়া গাড়িটি ৩ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত ওজন টানতে সক্ষম। উপরের অংশে মালপত্র বহনের জন্য মজবুত রুফ রেইল এবং ১৯ বা ২০ ইঞ্চির আকর্ষণীয় চাকা ব্যবহারের সুযোগ থাকছে।
গাড়িটির ভেতরে সাতজন যাত্রী অনায়াসে বসতে পারবেন। তবে কেউ চাইলে মাঝের সারিতে বেঞ্চ সিটের বদলে দুটি আলাদা ‘ক্যাপ্টেন চেয়ার’ নিতে পারেন, সে ক্ষেত্রে আসনসংখ্যা হবে ছয়টি। ড্যাশবোর্ডে রয়েছে ১৪ ইঞ্চির বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যা ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সমর্থন করে। চালকের জন্য থাকছে ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। মালামাল রাখার জন্য এতে ৪৫.৬ কিউবিক ফিট জায়গা পাওয়া যাবে।
২০২৬ সালের শেষ নাগাদ গাড়িটি বাজারে আসার কথা রয়েছে। শুরুতে অল-হুইল ড্রাইভ মডেল এলেও ২০২৭ সালের প্রথমার্ধে ৭৭ কিলোওয়াট-আওয়ারের স্ট্যান্ডার্ড মডেলটি বাজারে ছাড়বে সুবারু। এর দাম এবং বিভিন্ন সংস্করণ সম্পর্কে বিস্তারিত তথ্য গাড়িটি বাজারে আসার ঠিক আগে জানানো হবে।
এ জাতীয় আরো খবর..