আরও একবার চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ বার্সেলোনা। গতরাতে (১৪ এপ্রিল) মেত্রোপলিতানোয় সফরকারী বার্সেলোনার কাছে ২-১ গোলে হারলেও প্রথম লেগে পাওয়া জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে, রোজিব্লাঙ্কোদের এই জয় স্বাভাবিকভাবে নিতে পারছেন না বার্সেলোনার ব্রাজিলিয়ান সুপারস্টার রাফিনিয়া। ক্ষোভে ফেটে পড়া রাফিনিয়ার দাবি, অ্যাতলেটিকোর এই জয়ে বার্সেলোনার সঙ্গে 'ডাকাতি করা হয়েছে।'
ইনজুরির কারণে এদিন ম্যাচটি খেলতে পারেননি এই ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার, তবে তিনি মাদ্রিদে নিজেদের বেঞ্চে বসে দেখেছেন ৩-২ অ্যাগ্রিগেটে হেরে তার দলের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া।
লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস ২৫ মিনিটের মধ্যে ২ গোল করে বার্সাকে টাইয়ে সমতায় ফেরায়, কিন্তু আদেমোলা লুকম্যানের গোল অ্যাটলেটিকোকে সেমিফাইনালে তুলে দেয়, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্সেনাল অথবা স্পোর্টিং ক্লাব।
ম্যাচের শেষদিকে আলেকজান্ডার সোরলোথকে লাস্ট ম্যান ফাউল করার কারণে বার্সার এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো হলে অতিরিক্ত সময়ে বার্সার ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। এতে রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন রাফিনিয়া।
তিনি সাংবাদিকদের বলেন, 'ম্যাচটা পুরোপুরি ডাকাতি করা হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। তার কিছু সিদ্ধান্ত অবিশ্বাস্য ছিল। অ্যাটলেটিকো কতগুলো ফাউল করেছে জানি না, কিন্তু তিনি কাউকেই কার্ড দেখাননি।'
প্রথমার্ধে দানি ওলমোর ওপর ফাউলের জন্য বার্সা পেনাল্টির দাবি তুলেছিল, তবে রাফিনিয়া কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের কথা উল্লেখ করেননি। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় ম্যাচে অফিসিয়ালদের ওপর ক্ষুব্ধ হলো বার্সা। গত সপ্তাহে পেনাল্টি না দেওয়া এবং মার্ক পুবিলকে লাল কার্ড না দেখানোর ঘটনায় ক্লাবটি উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছিল। তবে মঙ্গলবারই উয়েফা জানিয়ে দেয়, সেই অভিযোগ 'গ্রহণযোগ্য নয়'।
রাফিনিয়া আরও বলেন, 'একবার ভুল করা মানবিক, কিন্তু আরেক ম্যাচেও এমন হবে? আমরা দারুণ খেলেছি, কিন্তু এই টাই আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। খুব কঠিন লাগে, বিশেষ করে যখন দেখি ম্যাচ জিততে আমাদের তিনগুণ বেশি পরিশ্রম করতে হয়। আমি সত্যিই বুঝতে চাই, কেন (রেফারি) এত ভয়া পাচ্ছিলেন যে বার্সা যেন টাই জিতে না যায়।' গত সপ্তাহে স্পটিফাই ক্যাম্প ন্যুতে প্রথম লেগে ২-০ ব্যবধানে হারার পর মেত্রোপলিতানোতে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা।
কিন্তু টাইয়ে গোলমুখে বেশি শট (১৫ বনাম ৮) এবং বেশি এক্সজি (৩.৩৮ বনাম ২.০৮) থাকা সত্ত্বেও তারা বিদায় নেয়। কোচ হানসি ফ্লিক দাবি করেন, সেমিফাইনালে ওঠার যোগ্য দল ছিল তারাই।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আজ রাতে আমরা দুর্দান্ত প্রথমার্ধ খেলেছি। আমাদের আরও গোল করা উচিত ছিল। অবশ্যই সেটা সম্ভব ছিল। দুই ম্যাচ মিলিয়ে দেখলে, সেমিফাইনালে থাকার যোগ্য আমরা ছিলাম। কিন্তু আমাদের এটা মেনে নিতে হবে। মাঠে খেলোয়াড়রা যে মানসিকতা ও লড়াই দেখিয়েছে, তাতে আমি গর্বিত।'
গত মাসে কোপা দেল রে থেকেও অ্যাটলেটিকোর কাছে হেরে বিদায় নিয়েছিল বার্সা। তবে মৌসুম এখনও শেষ হয়নি। জানুয়ারিতে তারা স্প্যানিশ সুপারকোপা জিতেছে এবং লা লিগায় সাত ম্যাচ বাকি থাকতে শীর্ষে নয় পয়েন্ট এগিয়ে আছে।
ফ্লিক বলেন, 'পরবর্তী লক্ষ্য লা লিগা জেতা। আমরা সেই পথেই আছি। এখনও কাজ শেষ হয়নি। সামনে আরও ম্যাচ আছে, আজকের মতো খেলতে হবে।' তিনি আরও বলেন, 'অবশ্যই আমরা এখন হতাশ। চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছিল বড় স্বপ্ন। আমাদের কোথায় উন্নতি করতে হবে, তা শিখতে হবে। আমাদের তরুণ দল আছে, তারা আগামী মৌসুমে আরও উন্নতি করবে। আমি জানি এটা সবার জন্য হতাশার। আমিও হতাশ। এটাই ফুটবল, এটাই জীবন। আমাদের আবার ফিরে আসতে হবে।'
এ জাতীয় আরো খবর..