এক দশকের মায়া কাটিয়ে সিটিকে বিদায় জানাবেন গার্দিওলা?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৭, | ১৭:৪৩:৩০ |
দল গোল করার পরে ডাগআউটে হেঁটে বেড়ানো, কখনো শূন্যে ঘুষি মারা, কখনো আবার খেলোয়াড়দের কানে গোপন কিছু বলা— গত এক দশকে ম্যানচেস্টার সিটির সমর্থকদের জন্য এগুলো খুব পরিচিত দৃশ্য। কারণ দলটির কোচ পেপ গার্দিওলা।

তবে এখন ইতিহাদ স্টেডিয়ামে বাজছে ভিন্ন গুঞ্জনের সুর। প্রশ্নটা দীর্ঘদিন ধই ঘুরপাক খাচ্ছে, তবে উত্তর পরিস্কার না—গার্দিওলা কি ইংল্যান্ডের ক্লাবটির দায়িত্বেই থাকবেন নাকি ১০ বছরের সম্পর্ক শেষ করে বিদায় জানাবেন নীল জার্সিধারীদের?

চুক্তি শেষ হতে এখনও এক বছর বাকি। তবে গার্দিওলা তাড়াহুড়ো করছেন না। আন্তর্জাতিক বিরতির সময় হয়ত নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। মৌসুম শেষে ১৬ মে এফএ কাপ ফাইনাল এবং ২৪ মে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের পর গার্দিওলা নিজের ভবিষ্যৎ ঠিক করবেন।

গত মাসে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপ জিতে ব্যাপক উদযাপন করেছিলেন ৫৫ বছর বয়সী এই কোচ। তবে তিনি যে বিদায়ের কথাও ভাবছেন এটি ভাবতে পারেনি সমর্থকেরা।   

চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদে কাছে হেরে বিদায় নেওয়ার পর গার্দিওলা বলেছেন, ‘আগামী বছর দল আরও শক্তিশালী হবে।’ কেউ ভাবছেন, এটি থাকার ইঙ্গিত, আবার কেউ মনে করছেন উত্তরসূরির জন্য প্রস্তুতি থাকায় এভাবে বলেছেন।

সিটি ক্লাব কর্তৃপক্ষ গার্দিওলার ওপর কোনো চাপ দিচ্ছে না। তাদের পারস্পরিক আস্থা দৃঢ়। গার্দিওলা সবসময় চুক্তি পূর্ণ করেছেন, তবে সিটিতে তার চুক্তি এমন যে, ইচ্ছে করলে তিনি যেতে পারেন। তাই প্রস্তুতি রাখা প্রয়োজন। হুগো ভিয়ানা ইতোমধ্যেই সম্ভাব্য বিকল্প কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন—এতে আছেন এনজো মারেস্কা, ভিনসেন্ট কোম্পানি এবং জাবি আলোনসো।

যদি গার্দিওলা সিটি ছাড়েন, তবে তার পরবর্তী গন্তব্য কোনো ক্লাব নয়। সম্ভবত ব্রাজিল বা ইংল্যান্ডের জাতীয় দলের কোচ হবে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইংল্যান্ডের অন্য কোনো ক্লাবের কোচিং করবেন না।

আগেভাগে বিদায়ের ঘোষণা দিলে দল ভেঙে যেতে পারে—সম্ভবত গার্দিওলা এই অনিশ্চয়তা ও চিন্তা থেকেই নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে ধোঁয়াশা রেখেছেন। তাই গার্দিওলা কী সিদ্ধান্ত নেবেন তা জানতে মে মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করা ছাড়া ভক্তদের হাতে উপায়ও নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..