চাটখিলে ঝোঁপে মিলল যুবকের পোড়া লাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ২০:৪১:০১ |
নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। 

লাশটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।


নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, খোকন দিনমজুর ছিলেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে রোববার রাতে স্থানীয়রা ঝোঁপের মধ্যে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

এদিকে স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও নিয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে লাশ দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপে ফেলে গেছে। 

এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..