বেটার বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৮:১৭:৫৬ |

সুখী, সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তার সরকারের অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি এবং সবাইকে ভালোবাসি একরমভাবে। আমরা বিশ্বাস করি, ধর্ম যার যার, দেশটা সবার। আসুন দেশটাকে গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষ, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ধর্ম-বর্ণ নির্বিশেষ সবাইকে সুখী, সমৃদ্ধ একটা বেটার বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।’

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘একটা কথা প্রচলিত ছিল যে, অন্য ধর্মের মানুষজন বিএনপিকে ভোট দেয় না। এটা এবারের নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে। বিএনপিকে সব ধর্মের মানুষ ভোট দিয়ে জয়ী করেছেন।’

বিগত সরকারের আমলে দেশের অবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘জনগণের ভোটে বিএনপি যখন দায়িত্ব গ্রহণ করেছে, তখন দেশের ভঙ্গুর দশা ছিল। অর্থনৈতিক খাতে ভঙ্গুর অবস্থা, যোগাযোগ খাতে ভঙ্গুর দশাসহ বিভিন্ন সেক্টরে যে অবস্থা বিরাজ করছিল- মনে হয়েছে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।’

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধকে কেন্দ্র করে দেশে জ্বালানিসংকট পরিস্থিতি মোকাবিলার কথাও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা এবং মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী খ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেছেন।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশ-এর সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রীস্টেফার মি. অধিকারী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণে বিএনপির নেওয়া কর্মসূচির প্রশংসা করেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা। 

তারা বলেন, ফ্যামিলি কার্ড; কৃষকদের ১০ হাজার টাকা সুদসহ ঋণ মওকুফ; ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও খ্রিষ্টান চার্চের যাজকদের বিশেষ সন্মানি ভাতা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ জনগণ উপকার পেতে শুরু করেছেন।

এ সময় প্রধানমন্ত্রীর কাছে জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নারী প্রতিনিধি ও ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান সম্প্রদায়ের নেতারা। 

এ সময় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দাবিসমূহ বিবেচনা করে দেখবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা এবং তাদের সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা। 

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা জানান, খালেদা জিয়ার জন্য আমাদের ৭ হাজার চার্চে প্রার্থনা হয়েছে, এখন আপনার (তারেক রহমান) সরকারের জন্য প্রার্থনা হয় প্রতিদিন। 

পরে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ইন্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..