গর্ত আর পুকুরে ডুবে প্রাণ গেল ছয় শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ২১:২৮:০৬ |
কৃষি জমির মাটি কেটে খুঁড়ে রাখা হয়। সেই গর্তে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয় ছোট্ট ডোবার মতো। সেই ডোবায় নেমে প্রাণ গেল একই পরিবারের তিন শিশুর।

বুধবারের এই মর্মান্তিক ঘটনায় স্তব্ধ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রাম। এ দুর্ঘটনায় নিহত শিশুরা হলো- কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ, আশিক আলীর ছেলে ইমাদ আলী ও সিপার মিয়ার ছেলে জিসান আহমদ। এদের মধ্যে লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই। 

নিহত লাবিব ফটিগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে, ইমাদ রহমদাবাদ ইসলামিয়া মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে ও জিসান বুধপাশা মাদ্রাসাতুল আর রহমানিয়া মাদ্রাসায় হাফিজিতে পড়তো। 


স্থানীয় লোকজন ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার কালবৈশাখীর ঝড়ের পর দুপুর ১২টার সময় লাবিব, ইমাদ ও জিসান তাদের বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে কৃষি জমিতে সৃষ্ট ডোবাতে খেলতে যায়। মাটি কেটে নেওয়ার কারণে ওই গর্তের সৃষ্টি হয়। এ সময় বিশাল গর্তে জমা পানির গভীরতা বুঝতে না পেরে ও সাঁতার না জানা তিনজন ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এক পর্যায়ে তাদের খুঁজতে গিয়ে গর্তের পানি থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় রবির বাজারে এক চিকিৎকের কাছে নেওয়া হলে তিনি তাদের মৃত ঘোষণা করেন।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে এ গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু সেখানে নেমে ডুবে মারা যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চালাবটতলী এলাকায় পুকুরে পড়ে দুই শিশুকন্যার মৃত্যু হয়। আজ বেলা এগারটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও দুই শিশুকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নানার বাড়ি বেড়াতে এসে হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি ও তার সঙ্গে থাকা মামাতো বোন সওদাগর ঘোনার চালাবটতলী এলাকার মিনহাজ উদ্দিনের কন্যা হুরিফা জন্নাত পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে মামাতো বোন হুরিফা পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় মনি। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমোতি দেওয়া হয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আনিশা আক্তার নামে তিন বছরের এক শিশু মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার দুপ্তারা  ইউনিয়নের পাঁচগাও মানেহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিশা ওই এলাকার রাসেল মিয়ার একমাত্র মেয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..