মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সব ধরনের কর্মী নিয়োগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বহুজাতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার।
কোম্পানিটি জানিয়েছে, আগামী অন্তত তিন মাস সব স্তরে এ নিয়োগ স্থগিত থাকবে। সম্প্রতি ইউনিলিভারের কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ইরানে চলমান মাসব্যাপী যুদ্ধের ফলে সৃষ্ট ‘বড় চ্যালেঞ্জ’ মোকাবেলায় তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইউনিলিভারের পারসোনাল কেয়ার ব্যবসার প্রধান ফ্যাবিয়ান গার্সিয়া চিঠিতে উল্লেখ করেছেন, বর্তমান সামষ্টিক অর্থনীতি ও ভূরাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী কয়েক মাস বেশ কঠিন হতে পারে। এ পরিস্থিতি বিবেচনায় ইউনিলিভারের নেতৃত্বদানকারী নির্বাহী দল বিশ্বব্যাপী সব স্তরে নিয়োগ বন্ধের বিষয়ে একমত হয়েছে।
লন্ডনভিত্তিক এ বিশাল ভোগ্যপণ্য কোম্পানিটি বিশ্বের অনেক জনপ্রিয় ব্র্যান্ডের মালিক। যদিও প্রতিষ্ঠানটি যে দেশে পণ্য বিক্রি করে, সাধারণত সেখানেই পণ্য উৎপাদন করে। কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহৃত রাসায়নিক, খাদ্য ও প্যাকেজিং সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে কোম্পানিটি বৈশ্বিক বাজারের ওপর নির্ভরশীল। এসব কাঁচামাল উৎপাদনে প্রচুর জ্বালানির প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের ফলে বিশ্বজুড়ে বাণিজ্যপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং তেল ও গ্যাস সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় দেখা দিয়েছে। ফলে জ্বালানি খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্লাস্টিক ও রাসায়নিকের মতো শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।
ইউনিলিভার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিকূল ও অনিশ্চিত বাহ্যিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন করা হবে।
উল্লেখ্য যে এ নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত ইউনিলিভারের চলমান ব্যয়সংকোচন কর্মসূচির মধ্যেই এল। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পের লক্ষ্য ছিল আগামী তিন বছর প্রায় ৮০ কোটি ইউরো সাশ্রয় করা। এর আগে কোম্পানিটি জানিয়েছিল, তাদের এ পরিকল্পনার ফলে বিশ্বজুড়ে প্রায় সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাই হতে পারে। ২০২০ সালে প্রতিষ্ঠানটিতে যেখানে ১ লাখ ৪৯ হাজার কর্মী ছিল, বর্তমানে তা কমে ৯৬ হাজারে দাঁড়িয়েছে। বর্তমান সিইও ফার্নান্দো ফার্নান্দেজের অধীনে কোম্পানিটি এখন বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..