✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্যারিসে বৈশ্বিক সম্মেলন ‘চেঞ্জ নাউ ২০২৬’ শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩১, | ১১:১৭:১৪ |
প্যারিসের ঐতিহাসিক গ্রাঁ পালে ৩০ মার্চ (সোমবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘চেঞ্জ নাউ ২০২৬’ আন্তর্জাতিক সম্মেলন। তিন দিনব্যাপী এ অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত উদ্ভাবক, নীতি-নির্ধারক, উদ্যোক্তা ও তরুণ নেতাদের একত্রিত করেছে। সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক উদ্যোগ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা এবং বাস্তবায়নের উদ্যোগ ত্বরান্বিত করা।

সম্মেলন ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত চলবে। প্রথম দুই দিন মূলত পেশাজীবী এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য। তবে সাধারণ দর্শকরা অংশগ্রহণ করতে পারবেন ১ এপ্রিল দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, এবার ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং চার লাখেরও বেশি অংশগ্রহণকারী এই মঞ্চে উপস্থিত থাকবেন। এখানে ১০০০টিরও বেশি প্রকল্প প্রদর্শিত হচ্ছে, যা পরিবেশ, জীববৈচিত্র্য, নবায়নযোগ্য শক্তি এবং সামাজিক উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন সমাধান তুলে ধরছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. যোহান রকস্ট্রোম, উমারউ ইব্রাহিম, রাজান খলিফা আল সুবেরাক, পল পলম্যান এবং লোভেল্ডা ভিনচেনজি। এছাড়াও বক্তৃতা দিয়েছেন ক্রিস্টিয়ানা ফিগারেস, কেৎ রাওয়ারথ, নারমোন্টে নেনকুইমো, লুইসা নিউবাউয়ার এবং লরেন্স টুবিয়ানা। তারা জলবায়ু নীতি, টেকসই অর্থনীতি এবং সামাজিক উদ্যোগ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছেন।

সম্মেলনের প্রতিটি কর্নারজুড়ে সেমিনার, কর্মশালা, প্রদর্শনী এবং নেটওয়ার্কিং সেশন চলেছে। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নজর কেড়েছে। তাদের উদ্ভাবনী চিন্তা এবং অংশীদারিত্ব ভবিষ্যতের নেতৃত্বের প্রতিশ্রুতি জাগাচ্ছে। আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ‘চেঞ্জ নাউ’ শুধু একটি প্রদর্শনী নয়, এটি একটি আন্তর্জাতিক আন্দোলন, যেখানে বাস্তব পদক্ষেপ এবং সহযোগিতার মাধ্যমে টেকসই ও ন্যায্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

এছাড়া গ্রাঁ পালের ভেতরের দৃশ্য অত্যন্ত চিত্তাকর্ষক। আলো, প্রযুক্তি, মানুষের ব্যস্ততা এবং উদ্ভাবনের মিলনমেলা মঞ্চের প্রাণ জাগাচ্ছে। প্রতিটি প্রদর্শনী ঘর যেন একটি ছোট বিশ্ব, যেখানে দর্শকরা সরাসরি নতুন ধারণা এবং উদ্ভাবনের স্পন্দন অনুভব করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..