অর্থ পাচার মামলায় নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৯, | ১৮:৫৭:৫৪ |
নেপালের কাঠমান্ডু পুলিশ নেপালের সাবেক জ্বালানিমন্ত্রী ও নেপালি কংগ্রেস নেতা দীপক খাড়কাকে গ্রেপ্তার করেছে। রোববার (২৯ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় সংবাদ পোর্টাল রাতোপতী জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানায় বলা হয়েছে যে ‘অর্থ পাচার সংক্রান্ত অপরাধের’ তদন্তের জন্য খাড়কাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপাল পুলিশের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিআইবি) একটি দল তাকে গ্রেপ্তার করেছে এবং সাবেক মন্ত্রী বর্তমানে সিআইবি হেফাজতে রয়েছেন।


নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং ফেসবুকে পোস্ট দিয়েছেন, বিক্ষোভ চলাকালে তার বাসভবন থেকে উদ্ধার হওয়া অর্থ সংক্রান্ত একটি তদন্তের সূত্রে খাড়কাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিআইবির মুখপাত্র শিব কুমার শ্রেষ্ঠা এএফপি সংবাদ সংস্থাকে জানান, নেপালের অর্থ পাচার তদন্ত বিভাগ এ তদন্তের তত্ত্বাবধান করবে।

২০২৫ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া যুব-নেতৃত্বাধীন অভ্যুত্থান সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়। তবে এটি দুর্নীতি এবং অর্থনৈতিক দুর্দশা সম্পর্কিত দীর্ঘদিনের হতাশাকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়ে।

এ অস্থিরতায় দেশটিতে ৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ২ হাজার ৩০০ জন আহত হন।
বিক্ষোভকারীরা সংসদ ভবন ও সরকারি দপ্তরগুলোতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে অবশেষে ওলির প্রশাসন ক্ষমতাচ্যুত হয়। খাড়কার বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এর ভেতর থেকে পাওয়া টাকা বিক্ষোভকারীরা বাতাসে ছুড়ে ফেলছে, এমন ভিডিও ভাইরাল হয়।

চলতি মাসের শুরুতে নেপালে অনুষ্ঠিত নির্বাচনটি ছিল গত সেপ্টেম্বরের বিক্ষোভের পর দেশটির প্রথম নির্বাচন।


রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে। শুক্রবার দলটির নেতা, র‍্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বলেন্দ্র শাহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
 

সূত্র: ডয়চে ভেলে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..