✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ২৩:০৬:৩৫ |ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানাধীন লালপোল এলাকার হোটেলের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের (রফিকের নতুন বাড়ি) রফিক আহমেদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫:৫০ ঘটিকার সময় আবুল কালাম মোটরসাইকেলযোগে ফেনী সদর হাসপাতালে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে মহাসড়কের লালপোল এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা কভারভ্যান তার মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ড ভ্যানটিকে সনাক্তসহ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।