‘বোর্ড বোর্ডের মতো চলবে’, বিসিবি কতদিন টিকবে প্রশ্নের জবাবে ফারুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৭, | ১১:৩৫:৩০ |
গত বছরের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকেই আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে আসছেন ঢাকার অধিকাংশ ক্লাব সংগঠকরা। এরই মাঝে বর্তমান পর্ষদ থেকে দুইজন পরিচালক পদত্যাগ করেছেন। বিসিবির বর্তমান কমিটি কতদিন টিকবে– প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পরিচালকদের। 

গতকাল (বৃহস্পতিবার) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রীতি ম্যাচ শেষে আবারও একই প্রশ্নের মুখে পড়েন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। যার জবাবে তিনি বর্তমান কমিটি স্বাভাবিক প্রক্রিয়ায় পরিচালিত হবে বলে জানিয়েছেন।

ফারুক আহমেদ বলেন, ‘আমি দুইটা পদত্যাগপত্র দেখেছি। (তারা) একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়েছে। যদি ব্যক্তিগত কারণ মনে করেন, আমি যদি কালকে না থাকি তখন আমারও কোনো ব্যক্তিগত কারণ হতে পারে। তাই না? এটাতে আমি আসলে বোর্ডের জন্য খুব বেশি...আপনি জানেন আমাদের ২৫ জন ডিরেক্টর। তারা থাকলে ভালো হতো। কিংবা না থাকলে আমার মনে হয় না যে বোর্ড চলবে না। আমার মনে হয় বোর্ডের মতো চলবে বোর্ড।’

বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তদন্ত কমিটি গঠন করেছে। ১৬ মার্চ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তদন্ত কমিটির কথা অবগত রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

ওই প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘যাদের চিঠি দেওয়া হয়েছে– একটা হলো সংক্ষুব্ধ পার্টি। আরেকটা হলো ক্রিকেট বোর্ডে যারা আছেন তারা। এটা থেকে কী ফলাফল পাওয়া যাবে, তা আমার জানা নেই। কেননা যারা আছেন তারা বলবেন সব ঠিক আছে। আর যারা নাই, তারা বলবেন সব ভুল হয়েছে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..