✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬, নিখোঁজ ৪

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-২৪, | ১০:৫০:৩৭ |
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) উড্ডয়নের পরপরই ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়া ৫৭ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান হুগো আলেজান্দ্রো লোপেজ জানিয়েছেন, লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের ওই বিমানটিতে ১১ জন বিমান বাহিনীর সদস্য, ১১৫ জন সেনা সদস্য এবং দুজন জাতীয় পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৮ জন আরোহী ছিলেন। দমকলকর্মী এদুয়ার্দো সান হুয়ানের দেওয়া তথ্যমতে, উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তের কাছে বিমানটি বিধ্বস্ত হয় এবং নিচে পড়ার সময় এর একটি ডানা গাছে ধাক্কা খায়। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা বিস্ফোরক ডিভাইসগুলো বিস্ফোরিত হয়।

দুর্ঘটনাস্থলটি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় এবং যাতায়াত ব্যবস্থা দুর্গম থাকায় শুরুতে উদ্ধারকার্য ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং মোটরসাইকেলে করে আহত সৈন্যদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে সামরিক বাহিনী ও উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছায়।

এই দুর্ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামরিক বাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ও বিলম্বের তীব্র সমালোচনা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তরুণদের জীবন ঝুঁকির মুখে ফেলে আর কোনো বিলম্ব বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, বিধ্বস্ত হওয়া বিমানটি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়াকে সরবরাহ করা হয়েছিল। এর আগে গত ফেব্রুয়ারির শেষে বলিভিয়াতেও একই হারকিউলিস সি-১৩০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল, যেখানে ২০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..