✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জুলাই-আগস্টে গণহত্যা: দায়ীদের অবশ্যই বিচার করতে হবে: সারা হোসেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-১৩, | ০৯:২৬:৪৫ |

জুলাই-আগস্টে গণহত্যা ও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এর জন্য দায়ীদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রসঙ্গে একটি দৈনিক পত্রিকাকে সারা হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তারা (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান করেছে। সেখানে তারা বলেছে, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধ হয়েছে।

এটার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শীর্ষ নেতারা জড়িত ছিলেন। তাই জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শুধু বাংলাদেশ সরকারের দায়িত্ব নয়, যেকোনো রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে, আন্তর্জাতিক অপরাধ হয়েছে। তাই যেকোনো দেশে বিচার করা যাবে। আন্তর্জাতিক আদালতেও (আইসিসি) বিচার হতে পারে।

সারা হোসেন বলেন, তাদের (ওএইচসিএইচআর) সুপারিশ নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপ করে ঠিক করতে হবে যে রাষ্ট্র হিসেবে তাদের সুপারিশ আমরা গ্রহণ করব কি না? এই সংলাপে নাগরিক সমাজেরও অংশগ্রহণ থাকা উচিত। সবার সম্মতিতেই করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ও জাতিসংঘের কাছ থেকে আমরা এ রকম প্রতিবেদন পাইনি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে এটি আমাদের নিতেই হবে। বাংলাদেশে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণ হিসেবে এটি নিতে পারবে। এগুলো ব্যবহার করে আরও গভীরভাবে তদন্ত করা যেতে পারে। অন্যান্য দেশেও নেওয়া যেতে পারে।

মিয়ানমারের উদাহরণ দিয়ে সারা হোসেন বলেন, মিয়ানমারে গণহত্যার ঘটনায় জাতিসংঘ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছিল। শেষে তা আইসিসি পর্যন্ত গিয়েছিল। তারা এগুলো আমলে নিয়েছিল। তাই বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে এই প্রতিবেদন অনেক গুরুত্বপূর্ণ। এটি পুরো জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। কারণ, এটি একটি নিরপেক্ষ জায়গা থেকে এসেছে।

সারা হোসেন বলেন, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত থাকবে। তবে প্রতিবেদনটি ভালোভাবে পড়ে আমরা এমন একটি জায়গায় আসতে পারি, সবাই স্বীকার করতে হবে যে, দেশে একটি গণহত্যা হয়েছিল জুলাই-আগস্টে। ভয়াবহ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটার জন্য অবশ্যই দায়ীদের বিচারের কাঠগড়ায় আনতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..