বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ে করতে এক বছর ধরে তাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন রাশমিকা মান্দানা! এমনকি শতবারেরও বেশি বিয়ের কথা তুলেছিলেন তিনি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের নতুন পর্বে হাজির হয়ে নিজেদের বিয়ের এমনই মজার গল্প ফাঁস করেছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি প্রকাশিত অনুষ্ঠানের ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, রাশমিকাকে বিয়ের প্রস্তাব কি তিনিই প্রথম দিয়েছিলেন? প্রশ্ন শুনে রাশমিকা মাথা নেড়ে ‘না’ বলেন। এরপর বিজয় নিজেই তুলে ধরেন তাদের বিয়ের পেছনের গল্প।
হাসতে হাসতে বিজয় বলেন, ‘সেই প্রথম বলেছিল যে চলো আমরা বিয়ে করে নিই।’ এরপর করণের দিকে তাকিয়ে তিনি যোগ করেন, ‘ও আমাকে অন্তত ১০০ বার এই এক কথা বলেছে।
বিজয়ের কথা শুনে রাশমিকাকে সরাসরি প্রশ্ন করেন করণ। সত্যিই কি শতবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি? জবাবে রাশমিকা স্বীকার করেন, ‘আমি এক বছর ধরে ওর পেছনে লেগেছিলাম।’
রাশমিকার এমন স্বীকারোক্তিতে অবাক হন করণ। তবে বিষয়টি নিয়ে মজা করতে ছাড়েননি বিজয়ও।
রসিকতা করে তিনি বোঝানোর চেষ্টা করেন, বিয়ের সিদ্ধান্ত নিতে সময় নেওয়া মানেই যে কাউকে অপেক্ষায় রেখে দেওয়া, তা নয়।
বিয়ের গল্পের পাশাপাশি অনুষ্ঠানে উঠে আসে আরও নানা মজার মুহূর্ত। দ্রুত প্রশ্নোত্তর পর্বে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন।
অন্যদিকে, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে পর্দায় বিজয়ের রসায়ন সবচেয়ে ভালো—করণের এমন প্রশ্নের উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কারো সঙ্গেই না।’
স্ত্রীর কথায় সায় দিয়ে বিজয় হাসতে হাসতে বলেন, ‘সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!’
বলা দরকার, ২০১৮ সালে মুক্তি পাওয়া তেলেগু রোমান্টিক সিনেমা ‘গীত গোবিন্দম’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করেন বিজয় ও রাশমিকা।
পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও তাদের রসায়ন দর্শকের নজর কাড়ে। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়াতে থাকে। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তারা। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে দেখা যাচ্ছে বিজয়-রাশমিকাকে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’তে অভিনয় করেছেন তারা। গত ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবেও ভালো সাড়া পাচ্ছে।
এ জাতীয় আরো খবর..